বন্ধুর হাতে বন্ধু খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুচ্ছ ঘটনার জের ধরে চট্টগ্রামের ইপিজেড এলাকায় মো. রানা (২১) নামের এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক আরিফ পলাতক রয়েছেন। রানা ও আরিফ পরস্পরের বন্ধু ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সানাউল্লাহ নামের একজন আহত হয়েছেন। নিহত রানা হাটহাজারীর মো. ইউনূসের ছেলে। নগরের ইপিজেড থানাধীন আকমল আলী রোডে বসবাস করতেন তিনি। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মনসুর জানিয়েছেন, গতকাল সকালে আরিফের অনুসারী এক যুবককে চড় মেরেছিলেন রানা। এ ঘটনায় উত্তেজিত হয়ে দুপুরে নেভি হাসপাতালের বিপরীতে একটি গলিতে রানার ওপর হামলা চালায় আরিফ। আরিফের হাতে থাকা ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন রানা। বাধা দিতে গিয়ে রানার আরেক বন্ধু সানাউল্লাহও আহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রানা মারা যান।