বন্ধুর হাতে বন্ধু 'খুন'
রাজধানীর উত্তর বাড্ডায় বিবাদের জেরে দুই বন্ধু পরস্পরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একজন নিহত হয়েছেন। অন্যজন গুরুতরভাবে আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম হাসান (২৫)। গুরুতর আহত হয়েছেন সুমন (২৫)। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার ব্যাপারে আহত সুমনের ভাষ্য, হাসান ও তাঁর বাসা পাশাপাশি। তাঁরা দীর্ঘ দিনের পরিচিত ও বন্ধু। গতকাল সন্ধ্যার দিকে হাসান তাঁকে উত্তর বাড্ডার একটি মাঠে ডেকে নেন। সেখানে যাওয়ার পর সুমনের কাছে সাইকেল ধার চান হাসান। সাইকেল ধার দিতে অস্বীকৃতি জানান সুমন। এ নিয়ে দুজনের মধ্যে তর্ক হয়।
সুমনের দাবি, একপর্যায়ে হাসান ক্ষুব্ধ হন। তিনি ধারালো অস্ত্র নিয়ে এসে সুমনকে আঘাত করেন। সুমনও ধারালো অস্ত্র এনে হাসানকে কোপ দেন। হাসান নিস্তেজ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসানকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। আর তাঁকে (সুমন) নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল দিবাগত রাত একটার দিকে হাসানকে ইউনাইটেড হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। দিবাগত রাত দুইটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বলেন, রাত পৌনে ১২টার দিকে সুমনকে এই হাসপাতালে আনা হয়। বাড্ডা থানা-পুলিশ তাঁকে আটক করে। পুলিশের হেফাজতে তাঁর চিকিৎসা চলছে। হাসানের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা হবে।
ঘটনার বিষয়ে নিহত হাসানের পরিবারের বক্তব্য বা প্রত্যক্ষদর্শীদের বিবরণ প্রাথমিকভাবে পাওয়া যায়নি।