বন্ধুর হাতে বন্ধু খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের ধরন্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মিঠুন হোসেন (৩২)। অভিযুক্ত ব্যক্তির নাম কোরবান হোসেন (৩২)। নিহত মিঠুন হিলি স্থলবন্দরে শ্রমিকের কাজ করতেন।

ঘটনার পরপর কোরবান পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ তাঁর বাবা শহিদুল ইসলামকে আটক করেছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মিঠুন ও কোরবান দুজনই প্রতিবেশী, বন্ধু। দুজনই মাদকাসক্ত। মিঠুনের বিরুদ্ধে হাকিমপুরসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী ময়না বেগমের বরাত দিয়ে ওসি আরও বলেন, কোরবান তাঁর কোমরে রাখা একটি দা দিয়ে মিঠুনকে কোপ দিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মিঠুনের মৃত্যু হয়। ঘটনার সময় মিঠুন ধরন্দা এলাকায় একটি গুদাম ঘরের পাশে বসা ছিল। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।