বন্ধুর হাতে বন্ধু খুন!

দুজন ছিলেন বন্ধু, দুজনের নামই ছিল রাসেল। অথচ একটি মোবাইল সিমকার্ড নিয়ে বিবাদের জের ধরে একজনের হাতে প্রাণ চলে গেল অপরজনের! হাতুড়ির আঘাতে আহত হয়ে চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে আজ সোমবার সকালে মারা গেছেন সেই যুবক। মাদারীপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম রাসেল খান (২৬)। আর এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম রাসেল কাজী (২৫)। নিহত রাসেল খান পেশায় একজন ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত ২৭ মার্চ বুধবার রাত ৮টার দিকে দুই বন্ধুর মধ্যে একটি মোবাইল সিমকার্ড নিয়ে কথা-কাটাকাটি হয়। বিবাদের একপর্যায়ে সিমকার্ডটি ভেঙে গেলে উত্তেজিত হয়ে রাসেল খানের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন রাসেল কাজী। এতে গুরুতর আহত হলে রাসেল খানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসকেরা ওই দিন রাতেই তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বৃহস্পতিবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। আজ সকালে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেল।
নিহতের স্বজনেরা বলেন, কাজের সুবিধার জন্য প্রায় ১০ বছর ধরে মাকে নিয়ে নানা বাড়িতে থাকতেন রাসেল। রাসেলের স্ত্রী চার মাসের অন্তঃসত্ত্বা। রাসেল কাজীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব ছিল নিহত রাসেল খানের। তাঁরা একসঙ্গেই চলাফেরা করতেন বলে জানিয়েছেন তাঁরা। অভিযুক্ত রাসেল কাজীর বিচার দাবি করেছেন নিহতের স্বজনেরা।
জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন সরদার বলেন, ‘নিহত রাসেল খানের মাথা, ঘাড়সহ সমস্ত শরীরে হাতুড়ি দিয়ে পেটানো হয়। এ কারণেই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার মাদারীপুর আদালতে অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’