বন্ধুরা মিলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ
রাজধানী ঢাকার একটি সরকারি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রীর দাবি, গতকাল মঙ্গলবার বিকেল থেকে তাঁকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং ভিডিওতে সেই দৃশ্য ধারণ করা হয়।
আজ বুধবার ওই ছাত্রীর স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত (ইনচার্জ) কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওই ছাত্রীর ভাষ্য, তিনি মহাখালীর একটি হোস্টেলে থাকেন। আরিফুল ইসলাম সবুজ তাঁর বন্ধু। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আরিফুলের দুই বন্ধু রাশিদুল ও কালাম তাঁকে মহাখালী থেকে কৌশলে কুড়িল বিশ্বরোডে পানির পাম্প সংলগ্ন সবুজের বাসায় নিয়ে যান। সেখানে তাঁকে আটকে রেখে তাঁরা নির্যাতন চালান ও ধর্ষণ করেন। আজ সকালে সেখান থেকে কৌশলে তিনি বের হয়ে আসেন।
ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তাঁর ডাক্তারি পরীক্ষা চলছে। পরীক্ষা শেষে মামলা করা হবে।