বন্ধুসভার সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো মাগুরা বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক হেলাল হোসেন (২২) গত ৩০ আগস্ট সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এ ঘটনায় গত সোমবার তিনি বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা করেছেন। মামলায় আরাফাত শেখ (৩০) নামের একজনসহ অজ্ঞাতনামা ছয়-সাতজনকে আসামি করা হয়।
পুলিশ ও এজাহার থেকে জানা গেছে, বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩০ আগস্ট মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদ শহরে শোক র্যালি এবং স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ওই দিন বেলা ১১টার দিকে শহরের এজি একাডেমির সামনে হেলাল হোসেন শোক র্যালির ছবি তুলছিলেন। এ সময় আরাফাত শেখ অকারণে তাঁকে গালাগাল করেন। আরাফাত শেখ নিজেকে গাজী টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি বলে দাবি করেন। হেলাল হোসেন তাৎক্ষণিকভাবে বিষয়টি মুঠোফোনে মাগুরা প্রেসক্লাবের সদস্যসচিব ও বাংলাভিশনের প্রতিনিধি বুলু শরীফকে জানান। তিনি বিষয়টি দেখবেন বলে তাঁকে আশ্বস্ত করেন। কিন্তু ঘটনার আধা ঘণ্টা পর আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনা সভার সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে আরাফাত ও তাঁর ছয়-সাতজন ভাড়াটে সন্ত্রাসী মিলনায়তনের পাশে ডেকে নিয়ে হেলালকে লাঠি দিয়ে বেধড়ক পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে কয়েকটি কোপ দেয়। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীরা তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি মিহির কুরিকে বিষয়টি জানান হেলাল হোসেন। তিনিও বিষয়টি সমাধান করবেন বলে আশ্বাস দেন। পরবর্তী সময়ে তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং এ ঘটনায় থানায় যেন মামলা না নেওয়া হয়, সে জন্য কিছু
সাংবাদিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তদবির করেন। ঘটনার দুই দিন পর পুলিশ মামলা নথিভুক্ত করে।
হেলাল হোসেন বলেন, ‘আরাফাত সন্ত্রাসী ডেকে এনে আমার ওপর হামলা চালান। আমার মনে হচ্ছে, আরাফাত টাকার বিনিময়ে যাদের ভিডিও ধারণ করে দেন, তাঁদের সঙ্গে পরামর্শ করেই আমার ওপর ওই সন্ত্রাসী হামলা চালিয়েছেন।’
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মাগুরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বলেন, ‘আমরা ওই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’