বন্ধ্যাকরণের টাকা আত্মসাতের অভিযোগ
নড়াইলের লোহাগড়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে স্থায়ী বন্ধ্যাকরণে সেবাগ্রহীতাদের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি বর্তমানে যশোরে পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পদে কর্মরত।
ওই কর্মকর্তার নাম মনোয়ার হোসেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নড়াইল জেলার সভাপতি। তাঁর বিরুদ্ধে ৩২ জন নারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, নড়াইলের উপপরিচালক, জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, গত সোমবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ব্রজগোপাল ভৌমিক লোহাগড়ায় এসে ওই অভিযোগের তদন্ত করেন। এ সময় ১২ জন অভিযোগকারী ও সংশ্লিষ্ট ১৫ জন ইউনিয়ন পরিবার পরিকল্পনা সহকারী উপস্থিত ছিলেন। তদন্তকালে মনোয়ার হোসেনের লিখিত বক্তব্য নেওয়া হয়। দুদকও পরিবার পরিকল্পনা বিভাগের কাছে ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত এ-সংক্রান্ত কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। ওই সময় মনোয়ার হোসেন লোহাগড়ায় পরিবার পরিকল্পনা বিভাগের চিকিৎসা কর্মকর্তা পদে ছিলেন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, কোনো দম্পতি স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতি গ্রহণ করলে তাঁদের দুই হাজার টাকা, একটি শাড়ি ও একটি লুঙ্গি দেওয়া হয়। এ টাকা পাননি এমন ৩২ জন নারী মনোয়ার হোসেনের বিরুদ্ধে পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন।
চরকোটাকোল গ্রামের রোজিনা বেগম লিখিত অভিযোগে বলেন, ‘বন্ধ্যাকরণ গ্রহণ করলে টাকা দেওয়া হয়, তা আমার জানা ছিল না। বিভিন্ন এনজিও ও ইউনিয়ন পরিষদের সেমিনারে গিয়ে তা জানতে পারি। কিন্তু অফিসে গিয়ে এ টাকা আদায় করতে পারিনি।’
নোয়াপাড়া গ্রামের রানী বেগম অভিযোগ করেন, ‘গর্ভকালীন থেকে পরিবারকল্যাণ সহকারী আমাকে জানিয়ে এসেছেন স্থায়ী বন্ধ্যাকরণ পদ্ধতি গ্রহণ করলে সরকার থেকে দুই হাজার টাকা পাওয়া যাবে। কিন্তু একাধিকবার ধরনা দিয়েও এ টাকা আদায় করতে পারিনি।’
অভিযুক্ত মনোয়ার হোসেন বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। পরিবার পরিকল্পনা বিভাগের নড়াইল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাফরি তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বিভাগীয় তদন্তের ব্যবস্থা করেছেন।
এস এম জাফরি বলেন, ‘টাকা আত্মসাতের অভিযোগ শুনেছি। তবে এ ব্যাপারে আমার কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত চলছে।’
মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও খুলনা বিভাগীয় পরিচালক ব্রজগোপাল ভৌমিক ফোন ধরেননি।