বন্যাদুর্গত এলাকায় ডাকাত আতঙ্ক, রাতে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বন্যাদুর্গত বিভিন্ন এলাকায় বানভাসি মানুষ ডাকাতের আতঙ্কে রয়েছে। চারদিকে বানের পানির সুযোগে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় করে ডাকাত দল হানা দেওয়ার চেষ্টা করছে। ডাকাত প্রতিরোধে রাত জেগে পাহারা দিচ্ছেন গ্রামবাসী।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, বন্যাদুর্গত চুকাইবাড়ি, হাতিভাঙা, চরআমখাওয়া, কাঠারবিল, চরহলকা, হাওড়াবাড়ি, সাকুয়ার চর, টিনের চর, ভেরামারা ও মধ্যের চর গ্রামে প্রতিবছরের মতো এবারও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। প্রতিবছরই বন্যার পর ডাকাতেরা হানা দিয়ে গরু, ছাগল, স্বর্ণালংকারসহ আসবাব লুট করত। এবার প্রত্যেক গ্রামে ৪০-৫০ জনের সমন্বয়ে ডাকাত প্রতিরোধে দল গঠন করা হয়েছে। এ দল রাত জেগে পাহারা দিচ্ছে।
চুকাইবাড়ি ইউপি চেয়ারম্যান সেলিম খান বলেন, ডাকাত দলের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় জেলা প্রশাসকের পরামর্শে প্রত্যেক গ্রামে প্রতিরোধ দল গঠন করা হয়েছে। তারাও রাত জেগে নৌকা নিয়ে বিভিন্ন গ্রামে পাহারা দিচ্ছে। তাদের সুবিধার জন্য পরিষদের পক্ষ থেকে ১০০টি টর্চলাইট ও রাতে খাবারের ব্যবস্থা করা হয়েছে।