বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটিবাহী ট্রাক চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। বাগবানিয়াজুরী এলাকা থেকে গত রোববার সকালে তোলা l ছবি: প্রথম আলো
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বন্যানিয়ন্ত্রণ বাঁধ কেটে মাটিবাহী ট্রাক চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে। বাগবানিয়াজুরী এলাকা থেকে গত রোববার সকালে তোলা l ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যানিয়ন্ত্রণ বাঁধ থেকে গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। এ ছাড়া পাশের জমিতে ট্রাক চলাচলের জন্য বাঁধ কেটে তৈরি করা হয়েছে রাস্তা। এতে ঝুঁকির মধ্যে পড়ছে বাঁধটি।
জেলা পাউবো ও বন বিভাগ সূত্রে জানা গেছে, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ১৯৭১-৭২ সালে ঘিওর উপজেলার বানিয়াজুরী থেকে ভাঁঠেইমুড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। পরে আশির দশকে বানিয়াজুরী থেকে বাঁধের দুপাশে দুই কিলোমিটার এলাকায় গাছের চারা রোপণ করে বন বিভাগ। এসব গাছের মধ্যে কড়ই, ইউক্লিপটাস, বাউলা, নিম ও শিশুগাছ রয়েছে। বর্তমানে স্থানীয় লোকজন বাঁধটি রাস্তা হিসেবে ব্যবহার করছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, বানিয়াজুরী থেকে বাগবানিয়াজুরী পর্যন্ত বাঁধের দুপাশে গাছের সারি। এসব গাছের ফাঁকে ফাঁকে ছোট-বড় মিলিয়ে অন্তত ১৫টি গাছ কাটা হয়েছে। 

বিল্লাল হোসেন ও বিল্টু দেওয়ানসহ আরও কয়েকজন স্থানীয় ব্যক্তি জানান, বাঁধের ওপর গাছগুলো এখন অনেকটাই বড় হয়েছে। কোনো কোনো গাছ দুই থেকে চার হাজার টাকায় বিক্রি করা যাবে। সম্প্রতি রাতের বেলায় বাঁধের এসব গাছ দুর্বৃত্তরা কেটে নিয়ে গেছে।

তাঁরা আরও জানান, তিন বছর ধরে বাঁধের ওপর মাটিবাহী ট্রাক চলাচল করছে। এসব ট্রাক চলাচলের জন্য বাঁধ কেটে রাস্তা তৈরি করা হয়েছে। বাঁধের পশ্চিম পাশের নিচু জমি থেকে মাটি তুলে ট্রাকে করে ভাটায় নেওয়া হয়। এতে বাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে গতকাল মঙ্গলবার সকালে পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে কথা হয় উপবিভাগীয় প্রকৌশলী আবদুল হামিদ মিয়ার সঙ্গে। তিনি বলেন, বাঁধটি পাউবোর, তবে বনায়ন কর্মসূচির দায়িত্ব বন বিভাগের। তাদেরই গাছ রক্ষার বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

বন বিভাগের জেলা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘বাঁধ থেকে গাছ চুরির বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে বিষয়টি খোঁজ নেওয়া হবে।’ তিনি জানান, সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে গাছগুলো লাগানো হয়েছে। এসব গাছের মধ্যে পাউবো ২০ শতাংশ, স্থানীয় উপকারভোগী জনসাধারণ ৫৫ শতাংশ এবং অবশিষ্ট অংশ পাবে বন বিভাগ।