বরকলে কৃষকের লাশ উদ্ধার
রাঙামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়ন থেকে গতকাল শুক্রবার এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কৃষকের নাম মো. হারেছ মোল্লা (৫৮)। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্ত্রী হেনারা বেগম, ভায়রা ছগির হোসেন ও শ্যালক রবিউল আলমকে আটক করেছে পুলিশ।
হারেছ মোল্লার বাড়ি ইউনিয়নের বাম্পিল্যান্ড এলাকায়। গতকাল সকালে স্থানীয় লোকজন একটি তামাকখেতের পাশে লাশটি পড়ে থাকতে দেখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর হারেছ মোল্লা দ্বিতীয় বিয়ে করেন। গত বৃহস্পতিবারও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর হেনারা তাঁর ভাইয়ের বাড়িতে চলে যান। রাতে হারেছ শ্যালকের বাড়ি থেকে স্ত্রীকে আনতে গেলে তাঁকে মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে তাঁর মৃত্যু হয়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিলু কান্তি বড়ুয়া প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পারিবারিক কলহের কারণে হারেছ মোল্লাকে হত্যা করা হতে পারে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।