বরকলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ
রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নে এক গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গৃহবধূ বাদী হয়ে বরকল থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ৫ অক্টোবর রাতে। তবে গৃহবধূ মামলা করেছেন গতকাল শনিবার। মামলার বিবরণ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দিন গৃহবধূর স্বামী চট্টগ্রামে থাকার সুযোগে সুবলং ইউনিয়নের তরুণ মো. রুবেল হোসেন (২২) ওই গৃহবধূর বাড়িতে ঢুকে মুখ চেপে ধর্ষণ করে। এ সময় ছাড়া পেয়ে গৃহবধূ চিৎকার দিলে ধর্ষক রুবেল পালিয়ে যায়। পরদিন সকালে ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার করা হয়। কিন্তু গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় মীমাংসা হয়নি। এ সুযোগে অভিযুক্ত রুবেল এলাকা ছেড়ে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা বলেন, ‘গৃহবধূ ধর্ষণের ঘটনাটির ব্যাপারে আমাকে জানানো হয়েছে। তবে ধর্ষণ মামলার বিচার ইউনিয়ন পরিষদের এখতিয়ারে নেই। তাই থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।’
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল করিম গৃহবধূ ধর্ষণ ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, রুবেল হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।