সেনা কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে রাঙামাটির বরকলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি ক্যাম্পে প্রবেশ ও নাশকতায় জড়িত সন্দেহে ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আটক ব্যক্তিদের বরকল থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও করা হয়েছে। আটক একজনের কাছে সেনাবাহিনীর পোশাক পাওয়া গেছে।
আটক ১২ জনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তাঁরা হলেন রাঙামাটির রাজবন বিহারের বৌদ্ধ ভিক্ষু শান্তপ্রিয় স্থবির, গ্রিমানন্দ স্থবির, বুদ্ধজ্যোতি শ্রামন, ফ্রিল্যান্স ফটোগ্রাফার ছন্দসেন চাকমা ও বিভাস দেওয়ান। তাঁদের মধ্যে বিভাস দেওয়ান নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পরিচয় দেন বলে বিজিবির কর্মকর্তারা জানান।
রাঙামাটি রাজবন বিহার কর্তৃপক্ষ তিনজন বৌদ্ধ ভিক্ষুকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে নাম উদ্ধৃত হয়ে এ বিষয়ে কেউ কথা বলতে চাননি।
জানতে চাইলে বিজিবি বরকল জোনের অধিনায়ক লে. কর্নেল মো. আলাউদ্দিন আল মামুন বলেন, গত বৃহস্পতিবার দুপুরে ওই ১২ জনকে আটক করা হয়। ১২ জনের দলটি বরকলের শীর্ষ পাহাড় এসএস টিলায় (ফালিটাঙ্যা মোন) যায়। ওই দলের একজন ফালিটাঙ্যা মোনের বিজিবি ক্যাম্পে গিয়ে নিজেকে সেনাবাহিনীর লেফটেন্যান্ট পরিচয় দেন। তাঁর কথাবার্তায় সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা বিষয়টি জ্যেষ্ঠ কর্মকর্তাদের জানান। সংশ্লিষ্ট দপ্তরে খবর নিয়ে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিলু কান্তি বড়ুয়া গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিজিবির সদস্যরা আটক ১২ জনকে থানায় হস্তান্তর করেছেন। সেনা কর্মকর্তার মিথ্যা পরিচয় দেওয়া ও অন্তর্ঘাতমূলক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে।