পার্থ গোপাল বণিকের ৮ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্থ গোপাল বণিক। ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের মামলায় সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি) পার্থ গোপাল বণিকের আট বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ রোববার এ রায় দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

রায়ে পার্থ গোপাল বণিকের ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার আগে আসামি পার্থ গোপাল বণিককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর আগে গত ২৭ ডিসেম্বর এই মামলায় যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে আদালত আজ রায় ঘোষণার দিন ঠিক করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে ২০২০ সালের ২৯ জুলাই মামলা করে দুদক। মামলাটি তদন্ত করে গত বছরের ২৩ আগস্ট পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

অভিযোগপত্রে বলা হয়, আসামি পার্থ গোপাল বণিক গত বছরের ২৮ জুলাই দুদকে হাজির হয়ে অনুসন্ধান টিমের কাছে বক্তব্য দেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পার্থ গোপাল বণিক বলেন, তাঁর বাসায় ৩০ লাখ টাকা আছে। এই টাকার বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। পরে অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে ৮০ লাখ টাকা জব্দ করা হয়।

পার্থ গোপাল বণিকের আইনজীবী এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন।
পার্থ গোপাল বণিক ২০০২ সালে জেল সুপার পদে চাকরিতে যোগ দেন। ২০১৪ সালের ১২ অক্টোবর তিনি কারা উপমহাপরিদর্শক পদে পদোন্নতি পান।