বরখাস্ত মেয়র আরিফুল হাসপাতালে
সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র কারাবন্দী আরিফুল হক চৌধুরীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্র জানায়, আরিফুল হক হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর থেকে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী এ এম এস কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি আরিফুল ২০১৪ সালের ৩০ ডিসেম্বর থেকে কারাবন্দী রয়েছেন।
আরিফুলের আত্মীয় জুরেজ আবদুল্লাহ প্রথম আলোকে জানান, কারাবন্দী হওয়ার আগে তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর থেকে শারীরিকভাবে অসুস্থ তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে সম্প্রতি উচ্চ আদালত থেকে হত্যা মামলায় জামিন দেওয়া হয়। বিস্ফোরক মামলায় জামিন আবেদন আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে হামলায় শাহ এ এম এস কিবিরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলার বিচার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলছে।