বরখাস্ত শিক্ষককে আবার নিয়োগের প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনদপত্র জালিয়াতির দায়ে সিরাজগঞ্জের কাজীপুর মহিলা কলেজের বরখাস্ত হওয়া ভূগোল বিভাগের শিক্ষককে আবার একই কলেজে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ওই কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 
স্থানীয় বাসিন্দা ও কাজীপুর মহিলা কলেজ সূত্র জানায়, ২০১১ সালের ২৮ সেপ্টেম্বর আয়েশা সিদ্দিকা নামের একজনকে ভূগোল বিষয়ে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের পর এমপিওভুক্তির জন্য তাঁর কাগজপত্র মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়। কাগজপত্র যাচাই করার সময় তাঁর শিক্ষক নিবন্ধন সনদ সঠিক নয় ধরা পড়ে। এরপর আয়েশা সিদ্দিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এ ঘটনার পর চলতি বছরের ২৮ এপ্রিল আবার কলেজের ভূগোল বিষয়ে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। এবার আয়েশা সিদ্দিকা আবার চাকরির জন্য আবেদন করেন। আজ রোববার এই নিয়োগ পরীক্ষা নেওয়া হবে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ নিয়োগ কমিটির সদস্যসচিব হাসান মুনসুর বলেন, ‘সরকারি বিধিবহির্ভূত হলেও বিভিন্ন মহলের চাপের কারণে আয়েশা সিদ্দিকার আবেদন যাচাই-বাছাই কমিটিতে বৈধ করা হয়েছে।’
এ বিষয়ে নিয়োগ কমিটির সরকারি (ডিজি) প্রতিনিধি কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ আবদুল হালিম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে কোনো বরখাস্ত হওয়া প্রার্থীকে নিয়োগবিধি অনুযায়ী চাকরিতে নিয়োগ দেওয়ার নিয়ম নেই। তাঁর আবেদন বাছাই পর্বেই বাতিল করা উচিত ছিল।