বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, নৈতিক স্খলনের অভিযোগে ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।
এটা কি স্থায়ী চাকরিচ্যুতি কি না, সে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, ‘বরখাস্ত বললে সেটাকে আর স্থায়ী বলতে হয় না। তবে তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।’
গত বছরের ১৪ সেপ্টেম্বর থিয়েটার বিভাগের তখনকার চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগের এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। পরদিন তাঁকে প্রায় ১০ ঘণ্টা আটকে রাখেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সেদিন রাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে। একই সঙ্গে একটি তদন্ত কমিটি করা হয়। কমিটি প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত সাইফুল ইসলামকে সব ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।
গতকালের সিন্ডিকেট সভায় উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। অধ্যাপক সাইফুলের বিরুদ্ধে ছাত্রীর অভিযোগ, পরীক্ষায় খাতায় নম্বর-সংক্রান্ত জটিলতার কথা বলে তিনি ১৩ সেপ্টেম্বর তাঁকে নিজের বাসায় ডেকে ‘শারীরিকভাবে লাঞ্ছিত’ করেন। এ সময় মেয়েটির মুঠোফোনের রেকর্ডার চালু ছিল, যা তিনি অভিযোগপত্রের সঙ্গে প্রমাণ হিসেবে জমা দেন।