চট্টগ্রামে জুয়েলারি দোকানের দুই কর্মচারীর কাছ থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ২০৫ ভরি সোনা লুটের মামলায় গ্রেপ্তার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার (বরখাস্ত) মেজবাহ উদ্দিনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহানা ইয়াছমিন শুনানি শেষে এ আদেশ দেন।
গত ২৯ ফেব্রুয়ারি জুয়েলারি দোকানের দুই কর্মচারী পলাশ চক্রবর্তী ও বিশ্বজিৎ নন্দীর চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। এ সময় গোয়েন্দা পুলিশ পরিচয়ে দুজন পলাশ ও বিশ্বজিৎকে চট্টগ্রাম রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহাড়তলী স্টেশনের দায়িত্বপ্রাপ্ত হাবিলদার মেজবাহ উদ্দিনের কক্ষে নিয়ে যান। সেখানে দুই কর্মচারীর কাছ থেকে ২০৫ ভরি সোনা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় পলাশ চক্রবর্তী বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় মেজবাহের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় দুজনকে আসামি করে মামলা করেন। পরের দিন রেল কর্তৃপক্ষ মেজবাহকে সাময়িক বরখাস্ত করে। চট্টগ্রাম রেলওয়ে থানার পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। ২৫ মার্চ মামলাটি তদন্তের জন্য চট্টগ্রামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, মেজবাহকে প্রথম দফায় তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই আরও জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রাম সিআইডির পরিদর্শক জাহাঙ্গীর আলম আজ তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন প্রথম আলোকে বলেন, রিমান্ডে লুট হওয়া সোনাগুলো উদ্ধার করতে আসামির কাছ থেকে তথ্য জানার চেষ্টা করা হবে। যে দুজন সোনাগুলো নিয়ে গেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে, তাঁদের শনাক্ত করা হবে।
নগরের হাজারী গলির বিশ্বকর্মা বুলিয়ন নামের জুয়েলারি দোকানের মালিক বিধান ধর বলেন, এক মাস পেরিয়ে গেলেও লুট হওয়া সোনাগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।