১৯৭১ সালের ২৯ ও ৩০ মে বরগুনা জেলখানায় হত্যা করা হয় ৭৬ জন নিরীহ ব্যক্তিকে। তাদের সবাইকে বাড়ি থেকে ধরে নেওয়া হয়েছিল। তারপর জেলখানার পেছনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে মাটি চাপা দেওয়া হয়।
এর দুদিন আগে ২৭ মে পাকিস্তানি সেনা কর্মকর্তা মেজর নাদের পারভেজের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনী প্রবেশ করে বরগুনায়। শহরের পাশে খাকদোন নদে পাকিস্তানি বাহিনীর গানবোটের ভারী শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে তৎকালীন মহকুমা শহর বরগুনায়। রাস্তাঘাট সব ফাঁকা, সুনসান। দোকানপাট সব বন্ধ করে মানুষ আতঙ্কে ঘরে আশ্রয় নেয়। অনেকে পালিয়ে অন্যত্র চলে যায়। গোটা শহরে কবরের নিস্তব্ধতা।
শহরে গণপূর্ত বিভাগের ডাকবাংলোয় অবস্থান নেয় পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা। গ্রীষ্মের প্রখর সূর্যের আলো নিভে সন্ধ্যা নামে শহরে। ভুতুড়ে অন্ধকার চারদিকে।
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর ও শান্তি কমিটির সশস্ত্র সদস্যরা ২৭ মে রাত থেকেই শহরের বিভিন্ন এলাকায় শুরু করে অভিযান। বিশেষ করে হিন্দু সম্প্রদায়-অধ্যুষিত নাথপট্টি, আমতলাপাড়সহ অন্য এলাকাগুলোতে চলে লুটপাট আর অমানুষিক নির্যাতন। নারী-পুরুষনির্বিশেষে শুরু হয় গণহারে ধরপাকড়। এভাবে ২৭ ও ২৮ মে আটক করা হয় অন্তত ৬০০ নারী-পুরুষকে। পুরুষদের আটকে রাখা হয় বর্তমান বরগুনা কারাগারে। আর অনেক নারীকে নেওয়া হয় পাকিস্তানি বর্বর সেনাদের মনোরঞ্জনের জন্য গণপূর্ত বিভাগের ডাকবাংলোয়।
২৯ ও ৩০ মে বরগুনা জেলখানার পেছনে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয় ৭৬ জন ব্যক্তিকে। ২৯ মে সকালে ৪২ জন এবং ৩০ মে ৩৪ জনকে হত্যা করা হয়।
সেদিনের সেই হত্যাযজ্ঞের সাক্ষী বরগুনার ফারুকুল ইসলাম। ২১ মে তাঁরা তিন ভাই মিলে গিয়েছিলেন বরগুনা ওয়্যারলেস অফিসে বেতার যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য। ধরা পড়েন তিন ভাই। এরপর বরগুনা জেলখানার পেছনে লাইনে দাঁড় করিয়ে তাঁদের তিন ভাইসহ অনেককে গুলি করে হত্যার উদ্দেশ্যে নেওয়া হয়।
ফারুকুল ইসলাম বললেন, ‘তিনটি গুলি ছুটে এল আমার দিকে। কিন্তু ভাগ্যক্রমে একটিও আমার শরীর ভেদ করল না। এ এক অবিশ্বাস্য ব্যাপার! আশপাশে যাদের দাঁড় করিয়ে গুলি করা হয়েছে, তাদের কেউ বাঁচেনি।’ ফারুক দেখেছেন, পাশেই তাঁর ভাই নাসিরুদ্দীনের পেট এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে গেছে গুলি।
ফারুকের অবিশ্বাস্য বেঁচে যাওয়া দেখে পরদিন আবার টমিগানের সামনে দাঁড় করানো হয়। এবারও দুটি গুলি তাঁর শরীরের দুপাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর পাকিস্তানি সেনারা তাঁকে আর ফায়ারিং স্কোয়াডে দাঁড় করায়নি। ২৮ দিন পর ফারুকের মা এসডিওকে ধরাধরি করে ছাড়িয়ে আনেন ফারুককে।
বরগুনার প্রায় সব শহীদ পরিবারের সদস্য আজও সেই স্মৃতি বহন করছেন।
১৯৭১ সালের ২৮ ও ২৯ মে বরগুনা জেলখানায় বন্দী কত লোককে এভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার গবেষণাজাত কোনো পরিসংখ্যান নেই। এখন পর্যন্ত ৭৬ জনের নাম ও পরিচয় শনাক্ত করা গেছে। বধ্যভূমির জায়গায় গড়ে তোলা হয়েছে শহীদ স্মৃতিসৌধ।