বরগুনা, ফরিদপুর, যশোরে চারজন খুন
ফরিদপুর ও যশোরের কেশবপুর উপজেলায় গত শনিবার তিনজন খুন হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একজন কিশোর। বরগুনা সদর উপজেলায় গতকাল রোববার এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও নিজস্ব প্রতিবেদকের পাঠানো খবর:
ফরিদপুর: সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ভাটি কানাইপুর এলাকা থেকে গতকাল সকালে রাজীবের (৩০) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পাশের কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামের ওহাব মিস্ত্রির ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, গতকাল সকাল নয়টার দিকে শ্রমিকেরা জমিতে কাজ করতে গিয়ে একটি গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রাজীবের বাবা এসে মৃতদেহটি শনাক্ত করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, রাজীবের মোটরসাইকেলটির কোনো খোঁজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের জন্য তাঁকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওহাব মিস্ত্রি বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন। অন্য ঘটনায় বোয়ালমারী উপজেলার জরিনা বেগমকে (৪৫) তাঁর স্বামী বঁটি দিয়ে আঘাত করলে তিনি মারা যান। উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামে এ ঘটনা ঘটে।
ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন বলেন, জরিনা সুগন্ধি গ্রামের আলেপ খাঁর মেয়ে। ১৮ বছর আগে তাঁর সঙ্গে সালথা উপজেলার আটঘর গ্রামের জব্বার মাতুব্বরের বিয়ে হয়। জব্বার জুয়া খেলে টাকা নষ্ট করেন বলে এক বছর আগে জরিনা বাবার বাড়িতে চলে আসেন। জরিনা একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
এলাকাবাসী ও থানা-পুলিশ জানায়, শনিবার ইফতারের সময় জব্বার সুগন্ধি গ্রামে আসেন। কথা-কাটাকাটির একপর্যায়ে জব্বার বঁটি দিয়ে স্ত্রীর হাত ও বুকে তিন-চারটি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী জরিনাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পথেই তিনি মারা যান। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে জব্বার পলাতক।
যশোর: কেশবপুর উপজেলার ভান্ডার খোলা গ্রাম থেকে গতকাল সকালে বিল্লাল হোসেন (১৬) নামের এক কিশোরের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ।
বিল্লাল উপজেলার হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম রেদওয়ান সরদার। বাড়ি ভান্ডার খোলা গ্রামে।
বিল্লালের বাবা বলেন, শনিবার রাতে বিল্লাল তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তিনি কেশবপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
কেশবপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বিল্লালের একটি দামি মুঠোফোন সেট কয়েক দিন আগে চুরি হয়। পরে তার এক বন্ধুর কাছ থেকে ওই সেটটি উদ্ধার করা হয়। এর জের ধরে তাকে হত্যা করা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বরগুনা: সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের হরিদ্রাবাড়িয়া গ্রামে সোহেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকার সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান মিয়া তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় লোকজন বলেন, সোহেলের ছোট ভাই শাওন তাঁর গাছ থেকে চুরি করে আমড়া পেড়েছে বলে অভিযোগ করেন শাহজাহান। এ নিয়ে গতকাল সকালে সোহেলের সঙ্গে শাহজাহানের ঝগড়া হয়। একপর্যায়ে প্রতিবেশী লোকজন এসে বিষয়টি মীমাংসা করে দেন। বিকেলে সোহেল এলাকার একটি মুদি দোকানের দিকে যাওয়ার সময় শাহজাহান রামদা দিয়ে তাঁর ওপর হামলা চালান।
শাহজাহান বরগুনা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের রুকন মহিব্বুলাহ হারুনের ছোট ভাই। সদর থানার ওসি রিয়াজ হোসেন বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাহজাহান পলাতক আছেন।