বরগুনায় ছাত্রী ও মাগুরায় প্রতিবন্ধী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বামনা উপজেলার এক মাদ্রাসাছাত্রী (১৬) অপহরণের পর দুই দফায় গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত শুক্রবার রাতে থানায় মামলা করেছেন।
মাগুরার মহম্মদপুরে মানসিক প্রতিবন্ধী এক কিশোরী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পাঁচ দিন পর গত শুক্রবার এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বামনা উপজেলার ওই ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, ২২ আগস্ট সকালে মেয়েটি মাদ্রাসায় যাওয়ার পথে লক্ষ্মীপুরা গ্রামের ইউনুস ফরাজি (৩৮), একই গ্রামের শাকিল আহম্মেদ (২০), পশ্চিম সফিপুর গ্রামের বায়জীদ হোসেনসহ (২৫) পাঁচ-ছয়জন জোর করে তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর তাকে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাদরখালি গ্রামের একটি বাড়িতে আটকে রেখে ইউনুস ও বায়জীদ পালাক্রমে ধর্ষণ করেন। ২৪ আগস্ট সেখান থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন হাজীগঞ্জ এলাকার একটি বাড়িতে নিয়ে ইউনুস ও বায়জীদ ওই কিশোরীকে আবার ধর্ষণ করেন। দুই দিন পর সন্ধ্যায় ওই কিশোরী সেখান থেকে পালিয়ে এলাকার এক ব্যবসায়ীর কাছে আশ্রয় চায় এবং তাঁকে ঘটনা বিস্তারিত জানায়। এরপর ওই ব্যবসায়ী মুঠোফোনে প্রতিবন্ধী কিশোরীর বাড়িতে খবর দেন। পরিবারের লোকজন গিয়ে সেখান থেকে মেয়েটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গতকাল শনিবার দুপুরে বরগুনা জেনারেল হাসপাতালে ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মাগুরার মহম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, মানসিক প্রতিবন্ধী ওই কিশোরী ২৩ আগস্ট রাতে প্রতিবেশীর বাড়ি থেকে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে মো. নাজিম উদ্দিন (১৮), আক্তার হোসেন (৪০), মো. নাসিম (৩৫) ও মফিজুর রহমান (৩৮) তাঁকে পাশের গ্রামে এক কাঁঠালবাগানে নিয়ে ধর্ষণ করেন। সকালে জানাজানি হলে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে দুই হাজার টাকায় বিষয়টি আপস করার চেষ্টা চালান গ্রামের মাতব্বরেরা।
কিন্তু চার দিনেও বিষয়টির সুরাহা না হওয়ায় গত শুক্রবার রাতে মেয়েটির বড় বোন ওই চারজনের বিরুদ্ধে মহম্মদপুর থানায় মামলা করেন।
মহম্মদপুর থানার ওসি শেখ আতিয়ার রহমান বলেন, পুলিশকে না জানিয়ে সালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করায় শুক্রবার রাতেই গ্রামের মাতব্বর নুরোল মোল্লাকে (৫০) আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।