বরগুনায় ভুয়া প্রকল্পে ৫০ মেট্রিক টন চাল
বরগুনা সদর উপজেলার ২৫টি জায়গায় ওয়াজ মাহফিল করার ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ মেট্রিক টন সাধারণ সহায়তার (জিআর) চাল বরাদ্দ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জেলা ত্রাণ কার্যালয়ের একটি সূত্র জানায়, বরগুনা সদর উপজেলার গিলাতলী গ্রামের হারুন অর রশিদ নামের এক ব্যক্তি ভুয়া প্রকল্প তৈরি করে তদবিরের মাধ্যমে মন্ত্রণালয় থেকে এসব চালের বরাদ্দ এনেছেন। এর সঙ্গে আরও কয়েকজন জড়িত। প্রতিবছর এই চক্রটি ভুয়া প্রকল্প তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হাজার হাজার মেট্রিক টন জিআর সহায়তার চাল বরাদ্দ এনে নিজেরা আত্মসাৎ করছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ১৩ জানুয়ারি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মো. ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি জেলা প্রশাসক কার্য়ালয়ে পাঠানো হয়। এতে বরগুনা সদর উপজেলার ২৫টি স্থানে বার্ষিক ওয়াজ মাহফিলের জন্য ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপত্রে যেসব স্থানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হবে, সেসব স্থানের নামও উল্লেখ রয়েছে। বরাদ্দপত্রের সূত্র ধরে বেশ কয়েকটি এলাকায় অনুসন্ধান চালিয়ে জানা যায়, যেসব ব্যক্তির নামে বরাদ্দ আনা হয়েছে, এর অধিকাংশই ভুয়া। আবার যেসব ব্যক্তির নাম ঠিক আছে, তাঁরা এ সম্পর্কে কিছুই জানেন না।
বরাদ্দপত্রে উল্লেখ করা ২৫টি স্থানের মধ্যে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে আটটি, পাশের রায়ভোগ গ্রামে চারটি, ফুলঝুড়ি ইউনিয়নের গিলাতলী গ্রামে ছয়টি, ছোট গৌরিচন্না গ্রামে দুটি ও অন্যান্য স্থানে বাকি পাঁচটি ওয়াজ মাহফিল আয়োজনের কথা উল্লেখ রয়েছে।
তালিকায় বান্দরগাছিয়া গ্রামের জলিল ও আতিক নামের দুজনের বাড়ির সামনে মাহফিল করার স্থান উল্লেখ করা হয়েছে। কিন্তু ওই গ্রামের বেশ কয়েকজন জানান, এখানে জলিল ও আতিক নামের কোনো ব্যক্তির অস্তিত্ব নেই। বাকি ছয়টি স্থানের সবগুলো আধা কিলোমিটারের মধ্যে হলেও এর মধ্যে পাঁচজন বরাদ্দের বিষয়ে কিছুই জানেন না।
বরাদ্দপত্রে খাজুরতলা গ্রামের কামরুলের বাড়ির সামনে ওয়াজ মাহফিল করার জন্য দুই মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তকামরুল ইসলাম গত বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘আমার বাড়ির সামনে কোনো মাহফিল আয়োজন করিনি। তবে বান্দরগাছিয়া গ্রামে আমার পৈতৃক বাড়িতে আগামী এপ্রিল মাসে মাহফিল হওয়ার কথা রয়েছে।’ বরাদ্দপত্রে বান্দরগাছিয়া গ্রামের বাসিন্দা কামরুল ইসলামের ছোট ভাই জিয়াউর রহমানের নামেও দুই মেট্রিক টন চালের বরাদ্দ রয়েছে।
যোগাযোগ করা হলে হারুন অর রশিদ বলেন, ‘আমরা তদবির করে বিভিন্ন এলাকায় ওয়াজ মাহফিলের জন্য এসব বরাদ্দ এনেছি।’ কিন্তু যেসব স্থান ও ব্যক্তির নামে বরাদ্দ আনা হয়েছে তার অধিকাংশই ভুয়া—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে কথা বলব।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বকর সিদ্দিক বরাদ্দপত্র হাতে পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, ‘আমরা এই বরাদ্দ এখনো ছাড় দিইনি।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, বরাদ্দ ছাড় দেওয়ার আগে তা যাচাই-বাছাই করে দেওয়া হবে।