বরগুনায় মাছবাজারে বাসশ্রমিকদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় বাসশ্রমিকদের বিরুদ্ধে শহরের পুরাতন মাছ বাজারে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে পাঁচ মাছ ব্যবসায়ী আহত হন। একজন বাসশ্রমিককে মারধরের জের ধরে গত সোমবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দীন জানান, এ ঘটনায় বাস শ্রমিক ইউনিয়নের সদস্য জসিম উদ্দীন বরগুনা থানায় একটি মামলা করেছেন। ওই দিন দুপুরে মাছ ব্যবসায়ী সবুজ ও সুমনকে পুলিশ গ্রেপ্তার করে। মামলায় মাছ বাজার আড়তদার সমিতির সভাপতি জহিরুল হককে প্রধান আসামি করা হয়েছে। তবে মৎস্য ব্যবসায়ীদের পক্ষে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত কোনো মামলা করা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য জসিম উদ্দিন মোটরসাইকেল নিয়ে মাছ বাজারসংলগ্ন লাকুরতলা সেতু পার হতে চাইলে মাছ বিক্রেতা সুমন ও সবুজ সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মোটরসাইকেল নিয়ে পারাপারে নিষেধ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে সবুজ ও সুমন জসিমকে বাজারের পেছনে নিয়ে মারধর করেন। পরে আহতাবস্থায় তাঁকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাছ ব্যবসায়ীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনার প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিনের নেতৃত্বে বাসশ্রমিকেরা শহরের বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পুরাতন মাছ বাজারে ঢুকে ব্যাপক তাণ্ডব চালানো হয়। এতে পাঁচজন মাছ বিক্রেতা আহত হয়েছেন বলে আড়তদার সমিতির নেতাদের দাবি।
তবে অভিযোগ অস্বীকার করে পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাব উদ্দীন বলেন, ‘মাছ বাজারে আমার নেতৃত্বে হামলা হয়নি। আসল ঘটনার দায় এড়াতে এটা মাছ ব্যবসায়ীদের সাজানো নাটক।’
ইজারাদার নেসার উদ্দীন অভিযোগ করেন, কিছু বুঝে ওঠার আগেই বাসশ্রমিকেরা মিছিল নিয়ে সদর রোড অতিক্রমের সময় অতর্কিতে হামলা চালিয়ে ব্যবসায়ীদের মারধর, মাছের ঝুড়ি, ডালা তছনছ করে, টেবিল-চেয়ার ভাঙচুর করে।
মাছ বাজার আড়তদার সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল হক বলেন, ‘একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে মারামারি হয়েছে। অথচ ওই ঘটনায় আমাকে ১ নম্বর আসামি করে মামলা করা হয়েছে। এরপর রাতে মাছ বাজারে যে তাণ্ডব চালানো হয়েছে, তা বর্ণনা করার মতো না। এভাবে চললে তো গরিব মানুষেরা ব্যবসা করতে পারবে না।’