বরগুনায় যত্রতত্র পেট্রল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে চলমান নাশকতা রোধে অবৈধভাবে পেট্রল ও অকটেন বিক্রি নিষিদ্ধ করেছে সরকার। তবে বরগুনার বিভিন্ন এলাকায় এ নির্দেশনা মানা হচ্ছে না। বিভিন্ন মহাসড়ক ও আঞ্চলিক সড়কের পাশে ব্যাপকভাবে খুচরা পেট্রল ও অকটেন বিক্রি করছে বিক্রেতারা।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, জেলায় আটটি ফিলিং স্টেশনসহ ৯৭টি জ্বালানি তেল বিক্রির লাইসেন্স রয়েছে। অনুসন্ধানে দেখা গেছে, বরগুনা সদর উপজেলায় ২৯টি লাইসেন্স থাকলেও শুধু শহর ও আশপাশ এলাকায় কমপক্ষে ৭৫টি দোকানে পেট্রল ও অকটেন বিক্রি করা হয়। এ ছাড়া সদর উপজেলার আনাচে-কানাচে আরও ২০০-এর মতো দোকান রয়েছে। জেলার ছয়টি উপজেলায় পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় দুই হাজার দোকানে পেট্রল বিক্রি হচ্ছে।
আমতলী ও তালতলী উপজেলায় দুটি ফিলিং স্টেশন ও নয়টি ডিপোর লাইসেন্স রয়েছে। কিন্তু এ দুই উপজেলার প্রায় ২৫০টি দোকানে খুচরা পেট্রল বিক্রি হচ্ছে।
পটুয়াখালী-আমতলী-কলাপাড়া ও কুয়াকাটা মহাসড়কে এবং আমতলী ও তালতলী, বরগুনা-বেতাগী, বরগুনা-চান্দখালী-বাকেরগঞ্জ, বরগুনা-পুরাকাটা, বরগুনা-নিশানবাড়িয়া, বরগুনা-পাথরঘাটা-বামনা আঞ্চলিক মহাসড়ক ঘুরে দেখা যায়, এসব সড়কের পাশে অনেকেই বোতলে ভরে খুচরা পেট্রল বিক্রি করছে।
আমতলীর শাখারিয়া, মহিষকাটা, সাহেববাড়ি, আমড়াগাছিয়া, ডাক্তার বাড়ি, ঘটখালী, আমতলী এ কে স্কুল মোড়, বটতলা, চৌরাস্তা, হাসপাতাল রোড, ছুরিকাটা, মানিকঝুরি, খুড়িয়ার খেয়াঘাট, ফকিরবাড়ি, খলিয়ান বাসস্ট্যান্ড, বান্দ্রা, আড়পাঙ্গাশিয়া, ঘোপখালী, মুন্সীরহাট, খেকুয়ানী বাজার, গুলিশাখালী বাজার, ভায়লাবুনিয়া, টেপুরা বাজার, কুকুয়াহাট, পাটুয়া বাজার, গাজীপুর, তালুকদার বাজার, হলদিয়া ইউপি কার্যালয় ও আজিমপুর; তালতলীর উপজেলার কচুপাত্রা, কড়ইবাড়িয়া, হরিণবাড়িয়া, তালতলী বন্দর, জয়ালভাঙা, লাউপাড়া, ফকিরহাট, ছোট বগী বাজার ও পচাকোড়ালিয়া বাজার এলাকায় প্রায় ১৫০ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে প্রকাশ্যে পেট্রল বিক্রি করতে দেখা যায়।
গতকাল মঙ্গলবার সকালে আমতলী এ কে স্কুল সড়ক, বটতলা, হাসপাতাল সড়ক, ছুরিকাটা, মানিকঝুরি, ফকিরহাট, মহিষকাটা, শাখারিয়া ও বান্দ্রা ঘুরে দেখা যায়, পেট্রল বিক্রেতারা মহাসড়কের পাশে টেবিলের ওপর রাখা বোতল ও কনটেইনারে ভরে পেট্রল বিক্রি করছেন। মোটরসাইকেল ও যানবাহনের চালকেরা এসব পেট্রল কিনে নিচ্ছেন। আমতলী পৌর শহরের বটতলা বাজারের পেট্রল বিক্রেতা মো. আলাল বলেন, ‘আমার পেট্রল বিক্রির লাইসেন্স নেই। তবে মুদি-মনিহারি দোকানের পাশাপাশি এটাও বিক্রি করছি।’
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অবৈধভাবে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে পৌর শহরের হাসপাতাল সড়ক থেকে বান্দ্রা পর্যন্ত সাতটি অবৈধ পেট্রল বিক্রির দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পেট্রল বিক্রির দায়ে কয়েকজনের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বরগুনা জেলা জ্বালানি ব্যবসায়ী সমিতির সভাপতি সমীর কুমার দাস প্রথম আলোকে বলেন, ‘আমরা বোতলে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ করে দিয়েছি। তবে জেলার বিভিন্ন স্থানে অনেক অবৈধ দোকান রয়েছে, যেগুলো আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়। প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এসব বন্ধ করা উচিত।’
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘কয়েক দিন আগে থেকেই এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছে। যাদের লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’