বরগুনায় সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, ভোলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে গত সোমবার সংঘর্ষে আহত এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া ভোলায় আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন ১০ জন।
বরগুনায় নির্বাচনী সংঘর্ষে আহত বশির শিকদার (২৮) মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আমতলী থানার পরিদর্শক (তদন্ত) শেখ আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের সময় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন বশির।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আমতলীর তালুকদার বাজার সেতুর ওপর সোমবার রাতে হলদিয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলাম মৃধা ও বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন বিশ্বাসের সমর্থকদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে ১২ জন আহত হন। সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। শহীদুল ইসলাম নিহত বশিরকে তাঁর কর্মী বলে দাবি করেন।
পুলিশ জানায়, বশিরের বাবা কাঞ্চন শিকদার চারজনকে আসামি করে গতকাল আমতলী থানায় হত্যা মামলা করেন। মামলায় বিদ্রোহী প্রার্থীর সমর্থক শাহ আলম, স্বপন, সজল ও খোকনকে আসামি করা হয়েছে।
ভোলায় সংঘর্ষ: ভোলা সদর উপজেলার উত্তর দীঘলদী ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লিয়াকত আলী মনসুর ও বিএনপি মনোনীত প্রার্থী রাইসুল আলমের সমর্থকদের মধ্যে মঙ্গলবার রাতে সংঘর্ষে দুই প্রার্থীসহ কমপক্ষে ১০ জন আহত হন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকেরা মিছিল করে গজারিয়া, নতুন মসজিদ, বালিয়ারহাট, রাস্তারমাথা ও কমরউদ্দিন বাজারে বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান। কমরউদ্দিন বাজারে বিএনপির প্রার্থী রাইসুল আলমের ওপর হামলা হয়। পরে কমরউদ্দিন বাজার এলাকায় উভয় পক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা গতকাল সকালে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন। দুপুর ১২টার দিকে পুলিশের হস্তক্ষেপে ওই সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে ধনিয়া ইউপির আওয়ামী লীগ প্রার্থী এমদাদ হোসেনকে বিদ্রোহী প্রার্থী সোয়েব হোসেনের লোকজন পিটিয়ে জখম করেন। সোয়েবকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এর পরের দিন বাপ্তা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেনকে আগের এক মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এ দুজনের মুক্তির দাবিতে গতকাল ভোলা-গাজীপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁদের সমর্থকেরা। পরে বিকেল চারটায় পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।