বরগুনায় ১১টি পেট্রলবোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় পরিত্যক্ত অবস্থায় ১১টি পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ইটবাড়িয়া গ্রামের বাসিন্দা আবদুল হক দেওয়ানের গোয়ালঘরের পেছন থেকে ব্যাগভর্তি এসব পেট্রলবোমা উদ্ধার করা হয়।

আবদুল হক দেওয়ানের ভাষ্য, তাঁর স্ত্রী শাহিদা আকতার আজ বুধবার বেলা ১১টার দিকে বাড়ির পেছনে গোয়ালঘরের পাশে জ্বালানি কাঠ (লাকড়ি) আনতে গিয়ে বাজারের একটি ব্যাগ দেখতে পান। কাছে গিয়ে দেখেন ব্যাগের ভেতরে বোতলভর্তি কিছু দ্রব্য। পরে তিনি বিষয়টি তাঁর স্বামীকে জানালে তিনি বরগুনা থানায় ফোন করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ সেখানে গিয়ে ব্যাগ থেকে ১১টি পেট্রলবোমা উদ্ধার করে।

পেট্রলবোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার পর বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাশকতা সৃষ্টির উদ্দেশে কেউ এসব বোমা তৈরি করে এখানে রেখে গিয়েছিল। এসব বোমা কারা তৈরি করে এখানে রেখে গেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।