বরগুনার ভর্তুকির সার যশোরে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার চাহিদার বিপরীতে ভর্তুকি কর্মসূচির আওতায় বেসরকারি পর্যায়ে আমদানি করা প্রায় দুই হাজার ২০০ মেট্রিক টন অ-ইউরিয়া সার যশোরের নওয়াপাড়ায় বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আমতলী, তালতলী ও পাথরঘাটা উপজেলায় মাসিক বরাদ্দের বাইরেও আরও অ-ইউরিয়া সার প্রয়োজন বলে চাহিদাপত্র পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক গত আগস্টে দুই দফায় দুই হাজার ২০০ মেট্রিক টন অ-ইউরিয়া সার বরাদ্দ দিতে উপ-বরাদ্দ পাঠান।
অভিযোগ আছে, এসব সার মাঠপর্যায়ে বিক্রি না করে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি উপ-বরাদ্দপ্রাপ্ত ডিলাররা যশোরের নওয়াপাড়ায় আমদানিকারকদের কাছে বিক্রি করে দেন। এর অনুকূলে ভুয়া আগমনী বার্তাও জমা দেন তাঁরা। এ ব্যাপারে কোনো তদারকি না থাকায় সরকারের বিপুল পরিমাণ ভর্তুকি গচ্চা যাচ্ছে।
বরগুনা জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, ২১ ও ৩১ আগস্ট বরগুনার চাহিদার বিপরীতে পাবনার মেসার্স রবিউল ইসলামের নামে তিউনিসিয়া থেকে ৩০০ মেট্রিক টন টিএসপি ও চট্টগ্রামের মৌসুমী এন্টারপ্রাইজের নামে চীন থেকে ২০০ মেট্রিক টন ডিএপি ও ৭০০ মেট্রিক টন ডিএপি; রাজশাহীর আমান অ্যাসোশিয়েটসের নামে তিউনিসিয়া ও মরক্কো থেকে এক হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানি করা হয়। আমদানি করা ভর্তুকির এসব সার আমতলী ও তালতলীর ১০ জন এবং পাথরঘাটার তিনজন ডিলারের নামে বরাদ্দপত্র দেওয়া হয়। টিএসপি টনপ্রতি ২০ হাজার টাকা, এমওপি ১৩ হাজার এবং ডিএপি ২৫ হাজার টাকা দরে এই সার বরাদ্দ দেওয়া হয়।
নোয়াপাড়ার ব্যবসায়ীদের একটি সূত্র জানায়, বরাদ্দ পাওয়া বেশ কিছু ডিলার সার উত্তোলন করে বরগুনায় নেন না। সেখানে ভুয়া আগমনী বার্তা দাখিল করেন। এবার সেপ্টেম্বর মাসেও বেশ কিছু ডিলার এ কাজ করেছেন। মাঠপর্যায়ের অনুসন্ধানে এর সত্যতা পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা গেছে, তালতলীর কড়ইবাড়িয়া বাজারের মেসার্স ভাই ভাই ট্রেডার্স, কুকুয়া ইউনিয়নের সততা ট্রেডার্স, চাওড়া ইউনিয়নের হাবিবুর রহমান ট্রেডার্সের সারের গুদামে যশোরের নওয়াপাড়া থেকে বরাদ্দ হওয়া অ-ইউরিয়া সারের কোনো বস্তা বা খুচরা ক্রেতাদের তালিকা পাওয়া যায়নি। মৌসুমভিত্তিক ২০১৪-১৫ অর্থবছরে উপজেলাভিত্তিক তালিকায় আগস্ট মাসে আমতলী ও তালতলী উপজেলায় অ-ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে ১৬০ মেট্রিক টন। অথচ একই মাসে তদবির করে শুধু আমতলী ও তালতলীর ১০ জন ডিলারের প্রত্যেকে ১৮৩ মেট্রিক টন করে এক হাজার ৮৩০ মেট্রিক টন, পাথরঘাটার তিনজন ডিলার ৩৭০ মেট্রিক টন অতিরিক্ত অ-ইউরিয়া সারের বিশেষ বরাদ্দ নেয়। এসব সার উত্তোলন না করেই নওয়াপাড়ায় আমদানিকারকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
বরগুনা সদর উপজেলার বিসিআইসির একাধিক ডিলার নাম গোপন রাখার শর্তে বলেন, জুলাই ও আগস্ট মাসে সদর উপজেলার জন্য বরাদ্দকৃত টিএসপি সারের জন্য টাকা জমা দিয়েও তারা সার পাচ্ছেন না। জেলা সার পরিবেশক সমিতির সভাপতি আবদুস ছত্তার গতকাল বুধবার বলেন, ‘বিশেষ বরাদ্দের সার নিয়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা আমার জানা নেই।’
অনুসন্ধানে জানা গেছে, দুই উপজেলায় বরাদ্দ নেওয়া এক হাজার মেট্রিক টন অ-ইউরিয়া সারের বিশেষ বরাদ্দের ৫৪৬ মেট্রিক টন দেওয়া হয়েছে তালতলীর নিশানবাড়িয়া ইউনিয়নের বিসিআইসি ডিলার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তারের মালিকানাধীন মেসার্স রাফা মণি এন্টারপ্রাইজ, তাঁর নিশানবাড়িয়া ইউপি সচিব জাকির হোসেনের বাবা ইউসুফ আলীর মালিকানাধীন নূর-ই জান্নাত এন্টারপ্রাইজ এবং জাকিরের স্ত্রী জেসমিন আক্তারের নূর-নবী এন্টারপ্রাইজের নামে।
রাফা-মণি এন্টারপ্রাইজের মালিক মাসুমা আক্তার বলেন, ‘বিশেষ বরাদ্দের বিষয়ে আমি কিছুই জানি না। আমার স্বামী ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী বলতে পারবেন।’ দুলাল ফরাজী বলেন, ‘আমার ইউনিয়নের সচিব জাকির হোসেন আমার সব ব্যবসা দেখাশোনা করে। সে (জাকির) সবকিছু বলতে পারবে।’
আমতলী ও তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা বদরুল আলম মঙ্গলবার বলেন, ‘আমার জানামতে, বিশেষ বরাদ্দের সব সার আনা হয়েছে। এর অনুকূলে আগমনী বার্তাও দেওয়া হয়েছে।’
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক অশোক কুমার হালদার বলেন, ‘বেশ কিছুদিন আমি কর্মস্থলে ছিলাম না। এসে বিষয়টি শুনে খোঁজ নিয়েছি। তবে ওই সব উপজেলা সার মনিটরিং কমিটি আমাকে বলেছে, যথাযথভাবে সার আনা ও বিতরণ করা হয়েছে। তার পরও বিষয়টি খতিয়ে দেখব। ভবিষ্যতে যাতে এ ধরনের অনিয়ম না হয় সে ব্যাপারে সজাগ থাকব।’