বরগুনায় এবার চার প্রকৌশলীকে মারধর আ.লীগ নেতাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বরগুনার আমতলী উপজেলায় আওয়ামী লীগের স্থানীয় দুই নেতার ভুয়া প্রকল্প প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকার করায় উপজেলা প্রকৌশলীসহ চার প্রকৌশলীকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এরপর প্রকল্পটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ।
জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প (সিসিএপি) নামের প্রকল্পটি স্থানীয় সরকার অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। মারধরের ঘটনাটি জানার পর বরিশাল বিভাগীয় তত্ত্বাবধায়ক প্রকৌশলী (এসি) শহিদুল ইসলাম প্রামাণিক ও এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে আমতলী যান। এরপর তাঁরা ওই প্রকল্পের চলমান কাজ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেন। আনোয়ারুল ইসলাম গতকাল বিকেলে বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
এলজিইডি আমতলী উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ওরফে বাদল খান, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহিদুল হক মৃধা এবং বাদল খানের ছোট ভাই আলমাস খান গত রোববার রাত আটটার দিকে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঢোকেন। এ সময় তাঁরা কয়েকটি উন্নয়ন প্রকল্পের অনুকূলে বাইরে থেকে করে আনা প্রস্তাবে স্বাক্ষর দিতে উপজেলা জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী আহম্মেদ আলীকে চাপ দেন। অস্বীকৃতি জানালে প্রথমে তাঁকে কিলঘুষি মারা হয়। একপর্যায়ে চেয়ার তুলে তাঁকে মারতে উদ্যত হন ওই তিনজন। এ সময় আহম্মেদ আলীকে রক্ষার চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত উপসহকারী প্রকৌশলী শাহজাহান খান, নিজাম উদ্দিন ও সার্ভেয়ার জহিরুল ইসলাম। তখন তাঁদেরও মারধর করা হয়। একপর্যায়ে উপজেলা প্রকৌশলী আমিনুল হকের দিকে চেয়ার ছুড়ে মারেন ওই তিনজন। তবে অন্য প্রকৌশলীরা তাঁকে রক্ষা করেন।
সূত্রটি আরও জানায়, মারধরের পাশাপাশি প্রকৌশলীদের গালাগালও করা হয়। অবস্থা বেগতিক দেখে সেখানে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্রনাথ ওঁরাও কক্ষ থেকে বাইরে বের হয়ে যান। এরপর তিনি আমতলী থানায় ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এর পরও রেহাই পাননি প্রকৌশলীরা। শেষ পর্যন্ত প্রায় ছয় কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অনুকূলে বাইরে থেকে করে আনা প্রস্তাবে স্বাক্ষর করে দিতে হয়েছে তিনজন প্রকৌশলীকে।
এ বিষয়ে জানতে চাইলে কোনো প্রকৌশলীই বিষয়টি নিয়ে সরাসরি উদ্ধৃত হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি।
বরগুনা-১ আসনের (সদর-আমতলী-তালতলী) সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গত ২১ ডিসেম্বর জেলা প্রাশসক, পুলিশ সুপারসহ প্রশাসনের কর্মকর্তাদের সামনেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল মালেককে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে করে প্রকৌশলীদের মধ্যে আগে থেকেই আতঙ্ক রয়েছে।
মারধরের শিকার একজন উপসহকারী প্রকৌশলী নাম গোপন রাখার শর্তে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাদল খান, শহিদুল হক মৃধা ও আলমাস খান উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে ঢুকেই কয়েকটি এস্টিমেট দেখিয়ে বলেন, “এইগুলিতে তোরা সই দিবি। নইলে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দেব। কেউ রুম থেকে বের হতে পারবি না।” এরপর আহম্মেদ আলীর সামনে সেগুলো দিয়ে স্বাক্ষর দিতে বললে তিনি তাতে রাজি হননি। এরপর শুরু হয় মারধর। তাঁকে রক্ষায় এগিয়ে গেলে আমাদের ওপরও তাঁরা চড়াও হন।’
অভিযোগের বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান খানের সঙ্গে যোগাযোগ করেন এই প্রতিবেদক। তিনি প্রথম আলোকে বলেন, ‘মারধর করিনি। এমনকি ওখানে কোনো ঘটনাই ঘটেনি। আপনারা এসব পান কোথায়?’ তাহলে প্রকল্প স্থগিত হলো কেন, এমন প্রশ্ন করলে তিনি কিছুটা উত্তেজিত হয়ে বলেন, ‘আপনি বেশি কথা বলেন।’ এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন। আওয়ামী লীগের অপর নেতা শহিদুল হক মৃধার সঙ্গে যোগাযোগের জন্য বেশ কয়েকবার তাঁর মুঠোফোনে কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আমিনুল হক বলেন, ‘ভাই, এ বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না।’ আর আহম্মেদ আলী মারধরের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, ‘সিসিএপি প্রকল্পের কয়েকটি কাজের জন্য বাইরে থেকে কয়েকটি এস্টিমেট নিয়ে তাঁরা এসেছিলেন। কিন্তু নিয়ম হলো, এসব এস্টিমেট করবেন প্রকল্পসংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা। আমরা ওই সব এস্টিমেটে স্বাক্ষর দিতে চাইনি বলে কথা-কাটাকাটি হয়েছে। পরে ওই তিনজন এসে করমর্দন করে “সরি” বলে গেছেন।’
যোগাযোগ করা হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্রনাথ ওঁরাও প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আমি থানায় ফোন করেছিলাম। পরে সেখানে পুলিশ আসে।’ প্রকৌশলীদের মারধরের বিষয়ে তিনি বলেন, ‘গালাগালের পর আমি উপজেলা প্রকৌশলীর কক্ষ থেকে বের হয়ে আসি।’