বরগুনায় এসএসসির প্রবেশপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ
বরগুনার বিভিন্ন উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। কেন্দ্র ফি ও যাতায়াত খরচের কথা বলে ৩০০ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি নেওয়া হয়েছে। প্রবেশপত্র দেওয়ার সময় কোনো টাকা নেওয়া যাবে না। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় পরীক্ষার্থীদের কেন্দ্রে নিয়ে যায়। সেসব প্রতিষ্ঠানের যৌক্তিকভাবে টাকা নেওয়া উচিত।
কাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।
আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষার্থী ৯৫ জন। দুই পরীক্ষার্থী আবুল হাসনাত ও সেতু চন্দ্র জানায়, প্রবেশপত্র দেওয়ার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র ফি ও যাতায়াত বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৭০০ টাকা করে নিয়েছেন। তবে প্রধান শিক্ষক হুমায়ূন কবির মুঠোফোনে বলেন, ‘কেন্দ্র ফি নেওয়া হয়নি। যাতায়াত খরচ বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে টাকা নিয়েছি।’
কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থী ফয়সাল হোসেন ও জান্নাতি আক্তার বলে, কেন্দ্র ফি বাবদ তাদের প্রত্যেকের কাছ থেকে প্রধান শিক্ষক ৩০০ টাকা নিয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ‘ফরম পূরণের সময় কেন্দ্র ফি নেওয়া হয়নি। তাই এখন কেন্দ্র ফি বাবদ ৩০০ টাকা নিচ্ছি।’
তালতলী উপজেলার পচাকোড়ালিয়া বালিকা বিদ্যালয়, আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকেও কেন্দ্রে যাতায়াত ও কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান বলেন, নিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে কেন্দ্র ফি বাবদ ৬০০, অনিয়মিত পরীক্ষার্থীদের কাছ থেকে ৩০০, যাতায়াত বাবদ ১ হাজার ৪০০ এবং শিক্ষকদের খরচ বাবদ ১ হাজার টাকা নিয়েছি।’ বিদ্যালয়ের কয়েকজন অভিভাবক বলেন, এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র একই এলাকার বগি পিকে মাধ্যমিক বিদ্যালয়ে। সেখানে একজন শিক্ষার্থীর যাতায়াতে দিনে সর্বোচ্চ ৩০ টাকা খরচ হবে। অথচ নেওয়া হয়েছে ১ হাজার ৪০০ টাকা।
তালতলী বন্দর মাদ্রাসার অধ্যক্ষ ও তালতলী কেন্দ্রসচিব মো. হারুন-অর-রশিদ বলেন, ‘কেন্দ্র ফি বাবদ ৩০০ টাকা করে নিয়েছি। প্রয়োজনে আরও নেওয়া হতে পারে।’
সদর উপজেলার জেলাখানা ফজলুল হক দাখিল মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, গতকাল প্রবেশপত্র আনতে গেলে প্রত্যেকের কাছ থেকে ৭০০ টাকা নিয়েছেন মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ইসহাক মোল্লা।
জানতে চাইলে মাদ্রাসার সুপার ইসহাক মোল্লা মুঠোফোনে বলেন, ‘কেন্দ্রসচিব এই ফি ধার্য করেছেন। আমরা তো আর পকেট থেকে টাকা দেব না।’
জানতে চাইলে কেন্দ্রসচিব ও খাকবুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ শাহ মো. ইমরান হোসাইন বলেন, কোনো মাদ্রাসায় ৭০০ টাকা কেন্দ্র ফি ধরা হয়নি। জেলা প্রশাসকের নির্দেশে ৩০০ টাকা করে কেন্দ্র ফি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জেলা প্রশাসক মুহা. বশিরুল আলম গতকাল প্রথম আলোকে বলেন, কেন্দ্র ফি ফরম পূরণের সময়েই নেওয়া হয়েছে। এখন কেন্দ্র ফি নেওয়ার কোনো বিধান নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।