বরগুনায় চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ
বরগুনায় সরকারি খাদ্যগুদামের জন্য চাল সংগ্রহে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ জেলায় চাল সংগ্রহে ১৭টি চালকলের মালিকদের সঙ্গে খাদ্য বিভাগের চুক্তি হয়। কিন্তু বেশির ভাগ ‘চালকলে’ হলুদ ও মরিচ গুঁড়া করা হয়। কোনো কোনো চালকলের অস্তিত্বই নেই।
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ১ হাজার ৭৮৭ মেট্রিক টন চাল ক্রয় করা হয়। প্রতি কেজি ৩২ টাকা দরে ২ কোটি ৫১ লাখ ৮৪ হাজার টাকায় এ চাল ক্রয় করে খাদ্য বিভাগ।
চাল সংগ্রহ ও নিয়ন্ত্রণ আদেশ, ২০০৮ অনুযায়ী প্রয়োজনীয় অবকাঠামো-সম্পন্ন উৎপাদনে সক্ষম (সচল) বৈধ চালকল ও সনদধারী (লাইসেন্স) আগ্রহী চালকলের মালিকদের কাছ থেকে চুক্তি করে চাল ক্রয় করতে হবে। যেসব কারখানায় (মিল) বয়লার ও চিমনি নেই, সেসব (হাস্কিং মিল) মিলের সঙ্গে চাল সংগ্রহের চুক্তি করা যাবে না। চুক্তিবদ্ধ চালকলের মালিকদের স্থানীয় বাজার থেকে ধান কিনে মিল প্রাঙ্গণে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে চাল প্রস্তুত করতে হবে।
সরেজমিনে দেখা গেছে, চুক্তিবদ্ধ হওয়া ১৭টির মধ্যে মাত্র ৬টি চালকলের উৎপাদনক্ষমতা ও অবকাঠামো আছে। এ ছাড়া ১১টির মধ্যে বেশির ভাগ ‘চালকলে’ হলুদ-মরিচ গুঁড়া করা হয়। সেগুলো হলো তালতলীর পায়রা রাইস মিল, হাশেম রাইস মিল, মেসার্স মোল্লা রাইস মিল, জাকের রাইস মিল, ফাতেমা রাইস মিল, আমতলীর রুমানা রাইস মিল, ফাতেমা রাইস মিল, ভাই ভাই রাইস মিল, মিজান রাইস মিল, পাথরঘাটা উপজেলার ভাই ভাই রাইস মিল ও মোশারফ খান রাইস মিল। এর মধ্যে ভাই ভাই রাইস মিলটিতে প্রয়োজনীয় বয়লারসহ যন্ত্রপাতি লাগানোর কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, আমতলী উপজেলার রুমানা রাইস মিলে আটা, মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। পাশেই মিজান রাইস মিল। সেখানে কোনো বয়লার, হাউস ও চিমনি নেই। একটি ঘরে মোটর বসিয়ে মরিচ ও হলুদ গুঁড়া করা হচ্ছে। মিজান রাইস মিলের মালিক শাহ আলম হাওলাদার বলেন, ‘কিছু চাল এখান থেকে দিয়েছি। আবার কিছু চাল বাইরে থেকে কিনে দিয়েছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘খাদ্য বিভাগের এক স্যার আমাদের এখানের এক মিলমালিকের মাধ্যমে আমার কাছ থেকে ৬ হাজার টাকা নিয়েছেন। সেই স্যারই আমার সব কাগজপত্র ঠিক করে দিয়েছেন।’
তালতলী উপজেলার হাশেম রাইস মিলে বয়লার নেই। মিলের মালিক মো. হাশেম বলেন, ‘আমি দুবারে ৯৮ মেট্রিক টন চাল খাদ্য বিভাগে দিয়েছি।’ পাশেই ফাতেমা রাইস মিল। সেখানে কিছু যন্ত্রপাতি পড়ে থাকতে দেখা গেছে। এ ছাড়া মালিপাড়া এলাকার জাকের রাইস মিলটির ধান ভাঙার মেশিন নষ্ট। এই মিলটিও চাল সরবরাহে চুক্তিবদ্ধ ছিল। তালতলীর ছোট বগী মোল্লা রাইস মিলটি পরিত্যক্ত। মিলের মালিক হানিফ মোল্লা বলেন, ‘আমি ১৭০ মেট্রিক টন চাল খাদ্য বিভাগে দিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের কয়েকজন কর্মচারী বলেন, বামনা উপজেলায় ৭৮ মেট্রিক টন ও তালতলী থেকে ৪৯৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। এ দুই উপজেলায় চালকলের মালিকেরা চাল সরবরাহ করেননি। অধিকাংশ চাল সরবরাহ করেছেন বরগুনা সদরের পরিমল সমাদ্দার ও মনির কাজী নামের দুজন ব্যবসায়ী।
পরিমল সমাদ্দার বলেন, ‘বাইরে থেকে চাল কিনে এনে আমরা সরবরাহ করেছি। সরকার-নির্ধারিত মূল্য ছিল ৩২ টাকা, কিন্তু আমাদের চাল কিনতে হয়েছে ৩৪ টাকায়।’
জানতে চাইলে তালতলী উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী নয়, চুক্তিবদ্ধ মিলমালিকদের কাছ থেকেই আমরা চাল নিয়েছি।’ কিন্তু পরিমল সমাদ্দার তো বলেছেন, তিনি এই চাল সরবরাহ করেছেন—এমন প্রশ্ন করা হলে ওই কর্মকর্তা আবার বলেন, ‘জেলা খাদ্যনিয়ন্ত্রক স্যারের নির্দেশে তাঁদের চাল গ্রহণ করেছি।’
বামনা উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমার এখানে যে মিলের চাল দেওয়ার কথা, সেই মিলমালিক চাল দেননি। জেলা খাদ্যনিয়ন্ত্রক স্যারের নির্দেশে পরিমল সমাদ্দারের চাল গ্রহণ করা হয়েছে।’
পাথরঘাটা উপজেলায় মেসার্স মোশারফ খান রাইস মিল ও ভাই ভাই রাইস মিল থেকে ১৪১ মেট্রিক টন চাল সরবরাহ করা হয়েছে বলে সরকারি নথিতে উল্লেখ রয়েছে।
অভিযোগ আছে, যে রাইসমিলের নামে এই চাল সরবরাহের কথা নথিপত্রে উল্লেখ করা হয়েছে, সেই রাইসমিলটি এখনো চালু হয়নি।
ভাই ভাই রাইস মিলের মালিক হজরত আলী বলেন, ‘খাদ্যগুদামে মাত্র কয়েক টন চাল দিয়েছি। আর জাহাঙ্গীর হোসেন পঞ্চায়েত আমার মিলের নামে বাকি চাল সরবরাহ করেছেন।’ জাহাঙ্গীর হোসেন পঞ্চায়েত বলেন, ‘চাল ওই মিলমালিকই দিয়েছেন, আমি তাঁকে সহযোগিতা করেছি মাত্র।’
অভিযোগ অস্বীকার করে পাথরঘাটা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রহমান বলেন, ‘আমরা দুটি মিল থেকে ১৪১ টন চাল পেয়েছি।’
জেলা খাদ্যনিয়ন্ত্রক শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলা খাদ্যনিয়ন্ত্রক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসব চালকল পরিদর্শন করে সুপারিশ করেন। এরপর আমরা চালকলের মালিকদের সঙ্গে চুক্তি করেছি।’