বরগুনায় ছাত্রকে কারাদণ্ড, বরিশালে ছাত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদে ছাত্রীর বাবাকে মারধর করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দশম শ্রেণির এক ছাত্র (১৬) তাঁকে মারধর করে বলে জানা গেছে।
এদিকে বরগুনার তালতলী উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গত রোববার একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রকে (১৬) এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাবুগঞ্জে উত্ত্যক্তকরণের শিকার ছাত্রীর বাবা বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রতিদিন তাঁর মেয়েকে উত্ত্যক্ত করত ওই ছাত্র। উপায় না দেখে চলতি বছরের মার্চ মাসে তিনি মেয়েকে এক আত্মীয়ের বাসায় রেখে আসেন। ৫ সেপ্টেম্বর বিকেলে মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। গতকাল তাঁর মেয়ে বাড়ির বাইরে বের হলে ছেলেটি তার হাত ধরে টানাটানি করে। এ সময় তার (ছাত্রী) চিৎকারে এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে ওই ছেলে তাঁকে (মেয়েটির বাবা) মারধর করে। বিষয়টি এরপর থানায় জানানো হয়।
এ ব্যাপারে বরিশাল বিমানবন্দর থানার ওসি রেজাউল করিম বলেন, মেয়েটির বাবাকে মারধরের অভিযোগে ওই ছাত্রকে গতকাল দুপুরেই আটক করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আবু রায়হান মো. সালেহ বলেন, যৌন হয়রানির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর থানার পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনার তালতলীর ভারপ্রাপ্ত ইউএনও মিজানুর রহমান বলেন, সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে একই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র উত্ত্যক্ত করছিল। বিষয়টি ওই ছাত্রের পরিবারকে জানানো হলেও কোনো কাজ হয়নি। গত রোববার দুপুরে বিদ্যালয়ের মধ্যাহ্নবিরতির সময় ছাত্রীটি বাড়ি যাওয়ার সময় ছেলেটি আবার তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে মেয়ের বাবা ওই ছাত্রকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয়ে তাঁকে (মেয়েটির বাবা) মারধর করে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়।
পরে ঘটনাটি তালতলী থানায় জানালে রোববার বিকেলে বগি বাজার থেকে ছেলেটিকে গ্রেপ্তার করা হয়। এরপর ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দেন।
একই সঙ্গে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ছাত্রটিকে বিদ্যালয় থেকে বহিষ্কার করেছে বলে জানান কমিটির অভিভাবক সদস্য হাসান কাজী।