বরগুনায় দুই শিশুসহ মায়ের অস্বাভাবিক মৃত্যু
বরগুনায় দুই শিশুসহ এক মায়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর কারণ বিষপান বলে ধারণা চিকিৎসকের। গতকাল শনিবার রাতে সদর উপজেলার লেমুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত তিনজন হলো—রোজি আক্তার (২৬) এবং তাঁর দুই শিশুকন্যা মৌমি (৫) ও তায়িবা (৩)।
রোজির স্বামীর নাম রুমন পঞ্চায়েত। ঘটনার পর তাঁকে ও বাড়ির গৃহকর্মী হারুনুর রশিদকে নজরদারিতে রেখেছে পুলিশ।
রুমনের বড় ভাই হেলাল উদ্দিন পঞ্চায়েতের ভাষ্য, গতকাল সন্ধ্যায় রোজি তাঁর দুই শিশুকে বিষ পান করান। পরে নিজেও বিষ পান করেন। বাড়ির লোকজনের নজরে এলে তিনজনকেই বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে দুই শিশু মারা যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রোজিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। দিবাগত রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা কমলেশ দেবনাথ বলেন, তিনজনই বিষপানের রোগী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রোজির স্বামী ও গৃহকর্মীকে নজরদারিতে রাখা হয়েছে।