বরগুনায় ধর্ষণের অভিযোগ করায় এলাকাছাড়া কিশোরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণের অভিযোগে মামলা করে প্রভাবশালী আসামির রোষানলে পড়েছে বরগুনার এক কিশোরী। তাকে এলাকা ছেড়ে আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে হয়েছে।

বামনা উপজেলার একটি গ্রামের অধিবাসী ওই কিশোরীর পরিবারের অভিযোগ, গত বছরের জুন মাসে একই এলাকার প্রভাবশালী এক ব্যক্তির ধর্ষণের শিকার হয় সে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পর গত ৩০ এপ্রিল একটি সন্তান প্রসব করে ওই কিশোরী।

গত ২৩ মার্চ ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে-৪-এ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় এ-সংক্রান্ত একটি মামলা করা হয়। আদালত গত ২৫ জুলাই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তিনি গ্রেপ্তার হননি। এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে বরগুনার বামনা থানার ওসি মো. শাহাবুদ্দিন গত শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এখনো ওই আসামির নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা থানায় আসেনি। এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কিশোরীর ভাই প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ২০১৪ সালে তাঁর বোন পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এলাকার এক প্রভাবশালী ব্যক্তি ভয়ভীতি তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তার মা বিষয়টি ওই ব্যক্তিকে জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে সহযোগিতা না পেয়ে মেয়েটিকে ঢাকায় ফুফুর কাছে পাঠিয়ে দেওয়া হয়।

গ্রামের বেশ কয়েকজন ব্যক্তি বলেন, ওই ব্যক্তি এমন ঘটনা আরও ঘটিয়েছেন। বিষয়টি সবাই জানলেও ভয়ে কেউ মুখ খুলতে চান না।