বরগুনা সদর উপজেলার আয়লা-পাতাকাটা ইউনিয়নের আদমবাজার এলাকায় হামলা চালিয়ে পাঁচটি দোকানের মালামাল লুট ও আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। গত সোমবার রাতের এ হামলায় অন্তত ১০ জন আহত হন।
ভুক্তভোগী কয়েকজনের অভিযোগ, নির্বাচনী বিরোধের জের ধরে বরগুনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছোট ভাই মোশারফ হোসেন, ভাগনে মনির হোসেন ও মিঠু এবং খালাতো ভাই ফয়সালের নেতৃত্বে ওই হামলা চালানো হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যক্তি বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোশারফ হোসেনের নেতৃত্বে দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে ১০০-১৫০ জন যুবক জাঙ্গালিয়া এলাকার আদম বাজারে আসেন। তাঁদের মধ্যে ২৫-৩০ জন রাত পৌনে আটটার দিকে রামদা ও লাঠিসোঁটা নিয়ে বাজারের আ. কালাম, হুমায়ুন কবির খন্দকার, ইসহাক খন্দকার, বারেক খান, জালাল আকনসহ বেশ কয়েকজনের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় রামদা দিয়ে কুপিয়ে এসব দোকানের বেড়া কেটে লুটপাট চালানো হয়। পরে তাঁরা জাঙ্গালিয়া ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে এর চারপাশের বেড়া কোপায় এবং ভেতরের আসবাবসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করেন। প্রায় আধঘণ্টা ধরে এ তাণ্ডব চলে। হামলায় ইসহাক, বারেক খান, টিপু মিয়া, সানু মিয়া, মো. ফারুক, পনু মিয়া, রেখা বেগমসহ অন্তত ১০ জন আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ রাত সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে আসে। ভাঙচুর হওয়া ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকেরা ইউপি চেয়ারম্যান খন্দকার আশশাকুর রহমানের স্বজন ও সমর্থক।’
হামলার শিকার হুমায়ুন কবির খন্দকার বলেন, ‘দেলোয়ার হোসেনের ভাই মোশারফ হোসেন, তাঁর ভাগনে মনির ও মিঠু এবং খালাতো ভাই ফয়সালের নেতৃত্বে আমাদের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।’ তিনি বলেন, ‘আমাদের অন্যায়, আমরা গত সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী দেলোয়ার হোসেনের পক্ষ না নিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ছিলাম। এ ছাড়া দেলোয়ার হোসেনের ছোট ভাই মোশারফ হোসেন গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের প্রার্থী খন্দকার আশশাকুর রহমানের কাছে হেরে যান। ওই নির্বাচনেও আমরা নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে ছিলাম। এ কারণে দেলোয়ার হোসেন ও তাঁর সমর্থকেরা দীর্ঘদিন ধরে আমাদের ওপর ক্ষুব্ধ ছিলেন। এখন দেলোয়ার হোসেন জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন। সোমবার দুপুরে দায়িত্ব নেওয়ার পর সন্ধ্যায়ই সেই আক্রোশে আমাদের ওপর এমন নির্দয় হামলা চালানো হয়েছে।’
হামলার শিকার বারেক খান বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানোর পর আমার স্ত্রী ও দুই মেয়েকেও মারধর করা হয়েছে।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন বলেন, ‘অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’
মোশারফ হোসেন বলেন, ‘এক মোটরসাইকেল চালকের সঙ্গে চেয়ারম্যান আশশাকুরের এক সমর্থকের বাগ্বিতণ্ডা হয়। এ নিয়ে আশশাকুর ও আমার সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। সেখানে আমি ছিলাম না। চেয়ারম্যানের লোকজন নিজেরাই ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
ইউপি চেয়ারম্যান আশশাকুর রহমান খন্দকার বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। আমি বিষয়টি জেলা পরিষদ চেয়ারম্যানকে জানিয়েছি।’
জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন গতকাল সাংবাদিকদের বলেন, ‘স্থানীয় চেয়ারম্যানের সমর্থক ও মোশারফের সমর্থকদের সঙ্গে ঝামেলা হয়েছে শুনেছি। আমি ঘটনার খোঁজ নিচ্ছি।’