বরগুনায় প্রাথমিকের প্রশ্নপত্র ফাঁস, তদন্ত
বরগুনা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ওই পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশাসন তা স্থগিত করেছে।
এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, উপজেলায় সব প্রাথমিক পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে হয়। বৃহস্পতিবার তৃতীয় শ্রেণির বিজ্ঞান পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আগের দিন এই বিষয়ের প্রশ্নপত্র শিক্ষার্থীদের হাতে চলে যায়। বিষয়টি জেলা প্রশাসকের নজরে আনা হলে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন তিনি। অভিযোগ উঠেছে, শহরের একটি কোচিং সেন্টার প্রশ্নপত্র ফাঁস করার কাজে জড়িত। এরপর জেলা প্রশাসকের নির্দেশে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকার কোচিং সেন্টারে ইউএনও মো. ইব্রাহীম পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। অভিযান চলাকালে শহরের কলেজ রোডে বিজয় বৃত্তি কোচিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ৭৯টি বিভিন্ন ধরনের গাইড বই জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানটি সিলগালা এবং এর পরিচালক জহিরুল ইসলামকে আটক করেন। কিন্তু প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে তাঁর জড়িত থাকার সরাসরি কোনো তথ্য-প্রমাণ না থাকায় সন্ধ্যায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। জহিরুল ইসলাম বরগুনা সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ইউএনও মো. ইব্রাহীম বলেন, তদন্তে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জহিরুল ইসলামের কোনো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এসবের পেছনে কারা জড়িত তা শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।