বরগুনায় বাসে আগুন, চকরিয়ায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধের মধ্যে গত শুক্রবার রাতে বরগুনায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার কক্সবাজারের চকরিয়ায় দুটি বাস ভাঙচুর করেছেন যুবদলের কর্মীরা। নাটোরে ট্রাক লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়লেও তা লক্ষ্যভ্রষ্ট হয়েছে।
গতকাল ছিল লাগাতার অবরোধের ৬৮তম দিন। ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে গত ৬ জানুয়ারি থেকে চলছে এই অবরোধ। তবে এর দুই দিন আগেই শুরু হয় সহিংসতা। ‘ক্রসফায়ারে’ ৩৩ জনসহ সহিংসতায় গতকাল পর্যন্ত নিহত হন ১২১ জন; আহত ব্যক্তির সংখ্যা সহস্রাধিক। আগুন দেওয়া হয়েছে ৭২১টি যানবাহনে এবং ভাঙচুর করা হয়েছে ৬৫৭টি।
রাজধানীর নিউমার্কেটের ২ নম্বর ফটকের সামনে গতকাল রাত আটটার দিকে পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা মো. হানিফ ও সাজিয়া আফরিন নামের এক গৃহবধূ আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাস ভাঙচুর-আগুন: বরগুনায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় চালকের সহকারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচান। শুক্রবার গভীর রাতে শহরের সোনিয়া সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে সদর উপজেলা বিএনপির সভাপতিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন দেওয়া হলে ভেতরে ঘুমিয়ে থাকা বাসচালকের সহকারী এস এম কাইয়ুম আগুন দেখে বাসের জানালা দিয়ে লাফ দেন।
কাইয়ুম বলেন, ‘আমি বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখি বাসের মধ্যে আগুন ও ধোঁয়া। এরপর জানালা দিয়ে লাফ দিই। আমার চিৎকারে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কারা আগুন দিয়েছে সেটা দেখিনি।’
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সদর উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম সালেহ ফারুক, ছাত্রদলের কর্মী মোহাম্মদ জুয়েল, আরাফাত হোসেন, আল-আমিন ও মোহাম্মদ বাবু।
কক্সবাজারের চকরিয়া পৌর শহরের পুরানা বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শনিবার বিকেলে দুইটি বাস ভাঙচুর করেছেন যুবদলের নেতা-কর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের সন্ধানের দাবিতে গতকাল বিকেলে মিছিল বের করে যুবদলের কর্মীরা। মিছিলটি পৌর শহরের সোসাইটি এলাকা থেকে জনতা মার্কেটের দিকে যাওয়ার সময় পুরানা বাসস্ট্যান্ড এলাকায় দুইটি বাস ভাঙচুর করা হয়।
পৌরসভা যুবদলের সভাপতি আখতার ফারুক বলেন, উত্তেজিত কিছু কর্মী কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে। তবে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পেট্রলবোমা লক্ষ্যভ্রষ্ট: নাটোরের বাগাতিপাড়া উপজেলার পকেটখালি পুলিশ ফাঁড়ির অদূরে রডবাহী একটি ট্রাকে পেট্রলবোমা ছোড়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন ট্রাকচালক লিটন হোসেন। তিনি অভিযোগ করেন, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পকেটখালি পুলিশ ফাঁড়ির আড়াই শ গজ দক্ষিণে পৌঁছামাত্র ট্রাকের সামনে থেকে দুই ব্যক্তি পর পর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা দুটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বেঁচে যান তিনি ও তাঁর সহকারী উজ্জ্বল। পকেটখালি পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ বেলাল হোসেন ঘটনার সত্যতা শিকার করে জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
আটক: সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ এমদাদ হোসেন জানান, গত শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের পাঁচজন কর্মীসহ ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা আছে।
নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের সাত কর্মীকে আটক করেছে পুলিশ।