বরগুনায় ব্যবসায়ীর বাড়ি ও দোকানে ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরে গতকাল শনিবার সাইদুর রহমান নামের এক ব্যবসায়ীরা কাপড়ের দোকান ও বাড়িতে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। এ ঘটনায় ১২ জন আহত হন।
ঘটনার প্রতিবাদে প্রতিষ্ঠান বন্ধ রেখে শহরের বস্ত্র ব্যবসায়ীরা কয়েক দফা বিক্ষোভ করেন। তাঁরা গতকাল বিকেলের মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে আজ রোববার থেকে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
আহত ব্যক্তিদের মধ্যে সাইদুর রহমানকে গুরুতর অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সাইদুর অভিযোগ করে বলেন, শহরের চিহ্নিত সন্ত্রাসী অভিজিৎ তালুকদার ওরফে অভির নেতৃত্বে সোহেল, প্রিন্সসহ ছয়জন এ ঘটনা ঘটিয়েছে। কয়েক দিন আগে তাঁর ছোট ভাই শাহজাহান তালুকদার জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কয়েকটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজের দরপত্র কিনতে যান। এতে অভিজিৎ ও তার লোকজন বাধা দেয়। এর জের ধরে এ হামলা চালানো হয়েছে।
অভিজিৎ তালুকদারকে নিয়ে জেলা তরুণ লীগ ও ছাত্রলীগ আলাদা বক্তব্য দিচ্ছে। জেলা তরুণ লীগের সভাপতি ও সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ছেলে সুনাম দেবনাথ বলেন, ‘অভিজিৎ তালুকদার তরুণ লীগের কোনো কমিটিতে নেই। আমার জানামতে, তিনি ছাত্রলীগের সঙ্গে জড়িত।’ অভিজিৎকে আপনার সঙ্গে দেখা যায়—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে তো অনেকেই আসে।’
তবে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান বলেন, ‘অভিজিৎ তরুণ লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগে কোনো সন্ত্রাসীর স্থান নেই।’