বরগুনায় ভিডিওসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা তালতলী থানায় তিন তরুণের বিরুদ্ধে মামলা করলে পুলিশ ধর্ষণের ভিডিওসহ আল-আমিন (৩০) নামের এক আসামিকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে বাড়িতে একা রেখে তার মা-বাবা ২২ ফেব্রুয়ারি জরুরি কাজে বরিশাল আসেন। ওই দিন গভীর রাতে মেয়েটি প্রাকৃতিক ডাকে ঘরের বাইরে যায়। শৌচাগার থেকে আবার ঘরে ঢোকার সময় আল-আমিনসহ তিন তরুণ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে অস্ত্রের মুখে তাঁরা মেয়েটিকে ধর্ষণ করেন এবং তা মুঠোফোনে ভিডিও করে রাখেন।
পরদিন ওই ভিডিও স্থানীয় কয়েকজনের মুঠোফোনে ছড়িয়ে দেন তাঁরা। ঘটনাটি জানাজানি হলে শনিবার গভীর রাতে মেয়েটির বাবা থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ প্রধান আসামি আল-আমিনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
তালতলী থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, মেয়েটির বাবা আল-আমিন, মেহেদি ও উছেন নামের তিন বখাটেকে আসামি করে মামলা করেছেন। প্রধান আসামি আল-আমিনকে ওই দিন রাতেই তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, মেয়েটি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এ জন্য তাকে মা-বাবার জিম্মায় রাখা হয়েছে। একটু সুস্থ হলে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।