বরগুনায় মৎস্যজীবী লীগের সভাপতিকে কুপিয়ে হত্যা
বরগুনার বামনা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি নূর আলম সিদ্দিকীকে গতকাল বুধবার কুপিয়ে হত্যা ও তাঁর স্ত্রী, ছেলেকে জখম করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁকে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর বাড়ি দক্ষিণ রামনা গ্রামে।
পরিবার সূত্র জানায়, গতকাল সকালে নূর আলম সিদ্দিকী (৫৫), তাঁর স্ত্রী সালমা খন্দকার (৪৫) ও ছেলে আহাদ সিদ্দিকীকে (১৭) কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। তাঁদের প্রথমে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নূর আলম মারা যান।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আহত নূর আলম সিদ্দিকীর জবানবন্দি নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। দোষী ব্যক্তিদের ধরার চেষ্টা চলছে।
এলাকার কয়েকজন বলেন, নূর আলম সিদ্দিকী ভোরে ফজরের নামাজ পড়ার জন্য বাড়ির পুকুরে অজু করতে যান। এ সময় প্রতিবেশী গোলাম কবির, গোলাম ফারুক হোসেনসহ ২০-২৫ জনের একদল সন্ত্রাসী তাঁকে রামদা, ছেনিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে নূর আলমের স্ত্রী ও ছেলে এগিয়ে গেলে তাঁদেরও কুপিয়ে জখম করা হয়। সন্ত্রাসীরা আহত নূর আলম সিদ্দিকীকে পুকুরে ফেলে রেখে চলে যায়। এলাকার কয়েক ব্যক্তি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
নূর আলম সিদ্দিকীর স্ত্রী সালমা খন্দকার বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে নূর আলমের চাচাতো ভাই গোলাম কবির হোসেন এবং তাঁদের ভাইদের সঙ্গে মামলা ও বিরোধ চলছে। এর জের ধরে এ হামলা হয়েছে। এর আগে ১৯৯৯ সালে গোলাম কবির হোসেন গুলি করে নূর আলমকে হত্যার চেষ্টা চালান।
রামনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল খালেক বলেন, ‘খুব ভোরে মুঠোফোনে বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। সেখানে নূর আলমকে পুকুরে এবং তাঁর স্ত্রী ও ছেলেকে পুকুর পাড়ে আহত অবস্থায় দেখি। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাই।’