বরগুনায় রোগীর মৃত্যু, 'চিকিৎসক' গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলায় হাতুড়ে চিকিৎসকের অপচিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরে ওই রোগী হাসপাতালে মারা যান। এ ঘটনায় গতকাল বুধবার তালতলী থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ মনিরুল ইসলাম নামের ওই হাতুড়ে চিকিৎসককে গ্রেপ্তার করেছে।
মৃত ব্যক্তির নাম আলী আকবর (৬০)। গত সোমবার তালতলী হোমিওপ্যাথিক ক্লিনিক নামে একটি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিতে গেলে সেখানকার চিকিৎসক মনিরুল ইসলাম তাঁর অস্ত্রোপচার করেন। এতে প্রচুর রক্তক্ষরণ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আলী আকবরের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে গতকাল বুধবার তালতলী থানায় হত্যা মামলা করেন।
আলী আকবরের পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার তালতলী বন্দর এলাকার তালতলী হোমিওপ্যাথিক ক্লিনিক নামের ওই প্রতিষ্ঠানে স্থানীয় ঠংপাড়া গ্রামের আলী আকবর হার্নিয়া রোগের চিকিৎসা নিতে আসেন। এ সময় মনিরুল আলী আকবরের অস্ত্রোপচার করেন। এতে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে মনিরুল ওই দিন বিকেলে তাঁকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠােনা হলে সেখানে মঙ্গলবার রাতে আলী আকবর মারা যান। তালতলী থানার ওসি বাবুল আকতার বলেন, কথিত চিকিৎসক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।