বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলার একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। এ অভিযোগে গত সোমবার আমতলী থানায় মামলা করা হয়েছে।

স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মেয়েটি উপজেলার হলদিয়া ইউনিয়নের একটি গ্রামে নানাবাড়িতে থেকে পড়ালেখা করে। একই গ্রামের ইমরান প্যাদা ও জাহিদুল প্যাদা দীর্ঘদিন ধরে মেয়েটিকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করছিলেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেয়েটি প্রাকৃতিক প্রয়োজন সারতে ঘরের বাইরে যায়। এ সময় সেখানে থাকা ইমরান ও তাঁর সহযোগী জাহিদুল মেয়েটির মুখ চেপে ধরে বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে বাড়ির লোকজন মেয়েটিকে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে ওই ঘর থেকে মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করেন।

মেয়েটির নানি বলেন, শুক্রবার সকালে এলাকায় এ ঘটনা জানাজানি হলে ইমরানের বাবা ও জাহিদুলের বাবার উপস্থিতিতে স্থানীয় লিটন চৌকিদারের ঘরে সালিস ডাকা হয়। সালিসে টাকার বিনিময়ে এ ঘটনা মীমাংসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি প্রস্তাব না মেনে সোমবার ইমরানকে প্রধান আসামি করে তিনজনের নামে মামলা করেন।

এ ব্যাপারে জানতে লিটন চৌকিদারের মুঠোফোনে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যাহ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।