বরগুনায় দোকানে হামলা, টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা শহরের গোলাম সরোয়ার সড়কে আজ শনিবার সকালে একটি কাপড়ের দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন স্থানীয় কয়েকজন যুবক। হামলার পর ওই যুবকেরা দোকান থেকে পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে গেছেন বলে ওই দোকানের মালিকের অভিযোগ। 

এ ঘটনার প্রতিবাদে দুপুরে শহরের কাপড় ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বিক্ষোভ করেন। তাঁরা আজ বিকেলের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানান। অন্যথায় আগামীকাল থেকে শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবেন বলেও ঘোষণা দেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ সকালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন যুবক শহরের মেসার্স তালুকদার ক্লথ স্টোর নামের একটি পাইকারি কাপড়ের দোকানে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন। ওই যুবকেরা দোকানের মালিক শাহজাদা তালুকদার, তাঁর ছেলে শাওন তালুকদার, ছোট ভাই মনু তালুকদার ও অপর এক ব্যবসায়ী মনির ব্যাপারীকে মারধর করেন। তখন দোকানটির মালামাল তছনছ ও আসবাব ভাঙচুর করে চলে যান।
দোকানের মালিক শাহজাদা তালুকদার সাংবাদিকদের বলেন, ওই যুবকেরা তাঁর দোকান থেকে পাঁচ লাখ টাকা লুট করেও নিয়ে গেছেন।
বরগুনা পুলিশ সুপার (এসপি) বিজয় বসাক বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।