বরযাত্রীরা নামার পরই বাসে আগুন দিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া থেকে বরযাত্রী নিয়ে শহরে আসা একটি বাসে আগুন দিল দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে নগরের জিইসি মোড়ের কাছে একটি কনভেনশন সেন্টারের সামনে বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে ওই সময় বাসে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ জানিয়েছে, বর অন্য একটি গাড়িতে ছিল। বরের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসা লোকজন কনভেনশন সেন্টারে প্রবেশ করার পর বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
খুলশী থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তী প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা কে এস পরিবহনের একটি বাস ভাড়া নিয়ে পটিয়া থেকে শহরে আসে বরযাত্রীরা। বাসের চালক ও যাত্রীরা সবাই কনভেনশন সেন্টারে প্রবেশ করার পর অপেক্ষমাণ বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে নগরের বহদ্দারহাট মোড়ে ককটেলের বিস্ফোরণে মোহাম্মদ সুমন নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। চান্দগাঁও থানার এএসআই মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গতকাল রাত আটটার দিকে দুর্বৃত্তরা বহদ্দারহাট মোড়ে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে রিকশাচালক আহত হয়েছেন।