বরসহ তিনজনের জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বরসহ তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে কনের বাবা প্রিয়নাথ রায় ও বরের বাবা তরুণীকান্ত রায়কে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বর অনন্ত কুমার রায়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলী গত বৃহস্পতিবার রাতে তাঁদের ওই সাজা দেন। আদালত সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দক্ষিণ চওড়া গ্রামের প্রিয়নাথ রায়ের এক মেয়ের সঙ্গে একই উপজেলার দাড়িহারা গ্রামের তরুণীকান্ত রায়ের ছেলে অনন্ত কুমার রায়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে কনের বাবা, বরের বাবা ও বরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।