বরাদ্দ করা চাল ও ফসল আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে অবস্থিত খারুভাজ শিশুসদন ও মাদ্রাসার নামে বরাদ্দ করা জিআর প্রকল্পের দেড় টন চাল আত্মসাৎ করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ওয়াহেদ আলী ওই চাল আত্মসাৎ করেছেন বলে অভিযোগ প্রধান শিক্ষক আসাদুজ্জামানের।
এদিকে ওয়াহেদ আলী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার জমির ফসল আত্মসাৎ করার অভিযোগ করেছেন। তাঁরা দুজনই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একে অপরের বিরুদ্ধে ওই অভিযোগ করেছেন।
তবে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, ওই মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক দুজনেই অনিয়মের সঙ্গে জড়িত। মাদ্রাসায় এতিম কোনো শিশু নেই। অথচ তাদের খাওয়ার নামে সরকারি বরাদ্দ উত্তোলন ও জমির ফসল বিক্রি করা হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, গত অর্থবছরের (২০১৩-১৪) ২৩ জুন খারুভাজ শিশুসদন ও মাদ্রাসার নামে দেড় টন জিআরের চাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। মাদ্রাসায় ৩৫টি শিশু দেখিয়ে ওই চাল ৩০ জুন উত্তোলন করেন পরিচালনা কমিটির সম্পাদক ওয়াহেদ আলী। সরকারি বিধি অনুযায়ী ওই চাল এতিম শিশুদের রান্না করে খাওয়ানোর কথা।
মাদ্রাসার প্রধান শিক্ষক আসাদুজ্জামান অভিযোগ করেন, এতিম শিশুদের জন্য ওই চাল বরাদ্দ করা হলেও তাদের খাওয়ানো হয়নি। ওয়াহেদ আলী ওই চাল আত্মসাৎ করেছেন। ২০১২-১৩ অর্থবছরেও মাদ্রাসার নামে বরাদ্দ করা জিআরের তিন টন চালের দুই টনই তিনি আত্মসাৎ করেন। মাদ্রাসার সাতজন এতিম শিশুর নামে সরকারিভাবে বরাদ্দ করা ৪২ হাজার টাকাও উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে উত্তোলন করা হয়। কিন্তু ওই অর্থ শিশুদের জন্য ব্যয় করা হয়নি। একাধিকবার বলার পরও পরিচালনা কমিটি শিক্ষকদের বেতন পরিশোধ করেনি। এ কারণে আসাদুজ্জামান প্রতিষ্ঠানের জমির ফসল বিক্রি করে শিক্ষকদের বেতন পরিশোধ করেন।
ওয়াহেদ আলী অভিযোগ করেন, মাদ্রাসার নামে চার একর জমি রয়েছে। প্রধান শিক্ষক ওই জমির ৬০ মণ আমন ধান এবং পাঁচ মণ তামাক দুই মাস আগে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। জিআরের উত্তোলন করা দেড় টন চাল জমা রয়েছে বলে তিনি দাবি করেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফজলার রহমান বলেন, ‘মাদ্রাসায় তো এতিম শিশু নেই। জমির ফসল বিক্রির কথাও আমাকে জানানো হয়নি।’ খারুভাজ গ্রামের কয়েকজন বাসিন্দা বলেন, দুই মাস থেকে ওই মাদ্রাসায় চুলা জ্বলে না। খাবার না পেয়ে এতিম শিশুরা মাদ্রাসা ছেড়ে চলে গেছে।
দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে তারাগঞ্জের ইউএনও গোলাম মাওলা লেন, তদন্তে অভিযোগগুলো প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।