বরাদ্দ ছাড়াই সরকারি বাসা ব্যবহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একজন সরকারি কর্মকর্তা। কিন্তু বরাদ্দ ছাড়াই ১৫ মাস ধরে একটি সরকারি ভবনে বাস করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে ফরিদপুরের চরভদ্রাসনে। অভিযোগ ওঠা ওই ব্যক্তি উপজেলার কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বিশ্বাস।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে চরভদ্রাসন উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগ দেন জাহিদুল। ওঠেন প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্ধারিত তটিনী নামের ভবনে। কিন্তু এটি তাঁর নামে বরাদ্দ নয়। এ জন্য ১৫ মাসে কোনো ভাড়াও দেননি তিনি। বিষয়টি এত দিন গোপন ছিল। ১৫ মে উপজেলার মাসিক সমন্বয় কমিটির সভায় ‘উপজেলার সরকারি ভবন বরাদ্দের’ বিষয়টি নিয়ে আলোচনা হয়। ওই আলোচনায় বের হয়ে আসে বরাদ্দ ছাড়াই কৃষি কর্মকর্তার সরকারি বাসা ব্যবহারের বিষয়টি।

খোঁজ নিয়ে জানা যায়, চরভদ্রাসন উপজেলা কমপ্লেক্সের ভেতর উপজেলা নির্বাহী কর্মকর্তার আবাসনের পাশে প্রথম শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্ধারিত দ্বিতল ভবনটির নাম তটিনী। এ ভবনে মোট চারটি ফ্ল্যাটে চারটি পরিবারের আবাসন-সুবিধা রয়েছে। ওই ভবনের নিচতলায় একটি ফ্ল্যাটে থাকেন ওই কর্মকর্তা।

এ বিষয়ে জানতে চাইলে কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আমার নামে কোনো বাসা বরাদ্দ নেই। আমি যোগদানের পর ডরমিটরিতে একটি শয্যা বরাদ্দ চেয়েছিলাম। কিন্তু সেটি না দেওয়ায় আমি তটিনী ভবনে থাকতে শুরু করি। তবে তটিনী ভবনের ওই ফ্ল্যাটটি আমার নামে বরাদ্দ না থাকায় আমি ভাড়া পরিশোধ করিনি। আমার নামে বরাদ্দ দেওয়া হলেই ভাড়া দিয়ে দেব।’ তিনি দাবি করেন, ‘বরাদ্দ ছাড়া সরকারি ওই ভবনে আমি একা থাকিনি। আমার আগে ও পরে আরও কয়েকজন সরকারি কর্মকর্তা আমার মতোই থেকেছেন।’

উপজেলা পরিষদের বাসা বরাদ্দ দেওয়ার জন্য একটি কমিটি রয়েছে। চরভদ্রাসনে ওই কমিটির সদস্যসচিব হলেন উপজেলা প্রকৌশলী নূর মোহাম্মদ মোল্লা। এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার ভালো করে জানা নেই। কমিটির অন্য সদস্যদের সঙ্গে কথা বলে কীভাবে এটা হয়েছে, সে ব্যাপারে জানাতে পারব।’

উপজেলার সরকারি বাসা বরাদ্দ কমিটির সভাপতি ও চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাদল আমিন প্রথম আলোকে বলেন, ‘আমার জানা ছিল না ওই কৃষি কর্মকর্তা বরাদ্দ ছাড়াই ওই বাসায় বসবাস করছেন। ১৫ মে সমন্বয় সভায় বিষয়টি জানতে পারি। জানার পর ভাড়া বাবদ বকেয়া টাকা তাঁকে পরিশোধ করতে বলেছি। বাসাটি তাঁকে বরাদ্দ দেওয়া হবে কি না, সেটি দু-এক দিনের মধ্যে কমিটির সভা ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে।’