রাজশাহী কলেজ হোস্টেলের আসন বরাদ্দের জন্য পরীক্ষা নেওয়া হয়েছে। ফল প্রকাশের আগেই হোস্টেলের আসন বেদখল হয়ে গেছে। অভিযোগ রয়েছে, রাজনৈতিক দলের নেতার ছত্রচ্ছায়ায় শিক্ষার্থীরা হোস্টেলে উঠে গেছেন।
রাজশাহী কলেজ হোস্টেলের তত্ত্বাবধায়কের কার্যালয় থেকে জানা গেছে, কলেজের মাস্টার্স পরীক্ষার পরে সম্প্রতি রাজশাহী মুসলিম হোস্টেলের সাতটি ব্লকের প্রায় ১০০ আসন ফাঁকা হয়। এই আসনগুলো ছাত্রদের বরাদ্দ দেওয়ার জন্য গত ৮ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেওয়া হয়। প্রায় ২৫০ জন শিক্ষার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।
শিক্ষার্থীরা জানান, অতীতে সব সময় মৌখিক পরীক্ষার পরের দিন বা দুই-এক দিন পরেই শিক্ষার্থীর নাম ও কক্ষ নম্বর উল্লেখসহ আসন বরাদ্দের তালিকা টানিয়ে দেওয়া হয়। এবার আর তা করা হয়নি। অতীতে মাস্টার্স পরীক্ষার পরে আসন খালি করার জন্য বিদায়ী শিক্ষার্থীদের হোস্টেল ছেড়ে দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এবার সেই নোটিশ দেওয়া হয়নি। উপরন্তু মাস্টার্স পরীক্ষার পরেও যেসব শিক্ষার্থী হোস্টেল ছেড়ে যাননি, তাঁদের হোস্টেল ত্যাগের নোটিশ না দিয়ে হোস্টেলের তত্ত্বাবধায়ক তাঁদের দেখা করতে বলেছেন। দেখা না করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়।
হোস্টেলের আবাসিক শিক্ষার্থীদের অভিযোগ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মানে রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম খান ওরফে ববিন এই হোস্টেলের আসন নিয়ন্ত্রণ করছেন। সাধারণ ছাত্রদের অভিযোগ, হোস্টেলে আসন বরাদ্দ দেওয়া হলে ভর্তির জন্য পাঁচ হাজার ৬০০ টাকা জমা দিতে হয়। আর ছাত্রলীগের ওই নেতার মাধ্যমেও বরাদ্দ পাওয়া যায়। তবে টাকা দিতে হয় প্রায় আট হাজার। টাকা দিলেই ওই নেতা শিক্ষকদের সঙ্গে আলাপ করে আসন বরাদ্দের ব্যবস্থা করেন। ইতিমধ্যে ফাঁকা হওয়া অনেক আসন এভাবেই বরাদ্দ দেওয়া হয়ে গেছে। এখনো যে আসন খালি আছে, তাতে অবৈধভাবে শিক্ষার্থীরা উঠে গেছেন। এই ক্ষেত্রেও ছাত্রনেতাকে হিস্যা দিতে হয়।
ছাত্ররা জানান, বর্তমানে কলেজের সাতটি হোস্টেলের কোনো আসনই খালি নেই। হয়তো নেতার মাধ্যমে বরাদ্দ নেওয়া হয়েছে। অথবা অবৈধভাবে দখল হয়ে গেছে।
মাহাবুব আলম খান বলেন, তাঁর জানা মতে ১০০ আসন নয়, ৩৬টি আসন ফাঁকা ছিল। তার মধ্য থেকে ছয়-সাতটি আসন বরাদ্দ হয়েছে। তাঁর বিরুদ্ধে সাধারণ ছাত্রদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নাম করে গুটি কয়েক ছেলে কলেজে এ ধরনের কাজ করেছে, এমন অভিযোগ পেয়েছি।’
মাহাবুব জানান, তিনি ইতিমধ্যে শিক্ষকদের বলে দিয়েছেন, তাঁর নাম ভাঙিয়ে যদি কেউ কোনো অবৈধ দাবি নিয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে খবর দিতে। তিনি বলেন, এসব ব্যাপারে কেউ তাঁর সামনে দাঁড়িয়ে তাঁকে চ্যালেঞ্জ করতে পারবে না।
কলেজ হোস্টেলের তত্ত্বাবধায়ক দৈমদ্দিন বলেন, বিভিন্ন ছুটির কারণে আসন বরাদ্দের ফলাফল প্রকাশ করতে দেরি হয়েছে। ফাঁকা আসন বেদখল হওয়ার ব্যাপারে তিনি বলেন, এমন হওয়ার কথা নয়। তাহলে বর্তমানে কয়টি আসন ফাঁকা আছে—জানতে চাইলে তিনি বলতে পারেননি এবং ফলাফল কবে টাঙানো হবে, তাও তিনি বলতে পারেননি।