বরিশাল ও পিরোজপুরে দুই তরুণের লাশ উদ্ধার
বরিশালের বানারীপাড়া উপজেলায় চাখার এলাকার একটি খাল থেকে গতকাল বুধবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে পিরোজপুরের সদর উপজেলা থেকে এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন বরিশালের বানারীপাড়া উপজেলায় চাখার এলাকার জামাল হোসেন (২৮) ও পিরোজপুরের সদর উপজেলার চলপুকুরিয়া গ্রামের শাহজালাল খান (২১)।
জামালের পরিবার সূত্রে জানা যায়, চাখার এলাকার জামাল হোসেন (২৮) গত মঙ্গলবার রাতে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। বুধবার সকালে স্থানীয় লোকজন খালের মধ্যে জামালের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, এলাকার বাসিন্দা শোয়েবের অনৈতিক সম্পর্ক জেনে ফেলায় তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের যেকোনো সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দেওয়া হয়। জামালের বুক ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে শোয়েব পলাতক।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, পরকীয়ায় বাধা দেওয়া এবং জানাজানির ভয়ে জামালকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও শাহজালালের পরিবার সূত্রে জানা গেছে, ১৩ জুন থেকে শাহজালাল নিখোঁজ ছিলেন।
গত মঙ্গলবার রাতে গ্রামের একটি পরিত্যক্ত বাড়ির বাগানের গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
গতকাল সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পিরোজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, শাহজালাল আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।