বরিশাল কোতোয়ালি থানার জানালা ভেঙে পালিয়েছে আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল কোতোয়ালি মডেল থানার একটি কক্ষের জানালার গ্রিল ভেঙে সোহেল রানা নামের এক আসামি পালিয়েছেন। এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্য শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল্লাহ নাসিরকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গত বৃহস্পতিবার গভীর রাতে থানার অভ্যর্থনা কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়েছেন আসামি সোহেল রানা। সোহেলের বাড়ি চট্টগ্রামে। তিনি নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির কথা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পুলিশ জানায়, ৮ মার্চ নগরের রূপাতলী থেকে একটি মোটরসাইকেল চুরির মামলার এই আসামিকে বাকেরগঞ্জ থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মামুন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে থানাহাজতে রাখার জন্য পাঠানো হয়। কিন্তু থানাহাজতে না রেখে তাঁকে ওই রাতে রাখা হয় ডিউটি অফিসারের কক্ষসংলগ্ন অব্যবহৃত অভ্যর্থনা কক্ষে। ওই রাতের কোনো একসময় ওই কক্ষের জানালার গ্রিল ভেঙে পালিয়ে যান সোহেল।
মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মো. আসাদুজ্জামান জানান, সোহেলের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।