বরিশাল পুলিশের কমিশনার, উপকমিশনার প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষের টাকার তহবিল সংগ্রহের অভিযোগে বরিশাল মহানগর পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী এবং উপকমিশনার (সদর) শোয়েব আহমেদকে বরিশাল থেকে প্রত্যাহার করা হয়েছে। এরপর শৈবাল কান্তিকে ঢাকা পুলিশ সদর দপ্তরে প্রশিক্ষণ বিভাগে এবং শোয়েব আহমেদকে নারায়ণগঞ্জে বদলি করা হয়েছে।
আজ সোমবার বেলা একটায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাছে পাঠানো ফ্যাক্স বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মহানগর পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, পদস্থ কর্মকর্তার বিরুদ্ধে আদেশ হওয়ায় নিম্ন পদে থাকা কারও পক্ষে বক্তব্য দেওয়া সঠিক হবে না। তবে তিনি আজ ফ্যাক্স বার্তার মাধ্যমে ওই দুই কর্মকর্তাকে প্রত্যাহার ও সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ সংক্রান্ত কোনো আদেশ আমি হাতে পাইনি। আদেশ হলে তো টেলিভিশনের স্ক্রলে দেখতে পাবেন।’

সম্প্রতি পুলিশ সদর দপ্তর জানতে পারে, বরিশালের পুলিশ সদস্যরা পদোন্নতি পেতে ঘুষের টাকার জন্য তহবিল গঠন করেছেন। এই তহবিলের নেতৃত্বে ছিলেন মহানগরের উপকমিশনার জিললুর রহমান। গত বছরের নভেম্বরে বরিশাল পুলিশের আট শতাধিক কনস্টেবল পদোন্নতি পরীক্ষায় অংশ নেন। এঁদের মধ্যে ২৩২ জন কনস্টেবলসহ মোট ৩৩৭ জন উত্তীর্ণ হন। কিন্তু উত্তীর্ণ হলেও শূন্য পদ না থাকায় তাঁদের পদায়ন হয়নি। বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার জিললুর রহমান (বর্তমানে সাময়িক বরখাস্ত) পুলিশ সদস্যদের আশ্বাস দেন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে তদবির করে তিনি এসব পদ শূন্য করে দিতে পারবেন। এ জন্য জনপ্রতি তিনি ৫০ হাজার টাকা জমা দিতে বলেন। এ টাকা সংগ্রহের জন্য সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) আনিসুজ্জামান, নায়েক কবির, কনস্টেবল বাবুলের যৌথ নামে ব্যাংকে একটি হিসাব খোলার ব্যবস্থা করা হয়। সেই হিসাবে ৭৭ লাখ টাকা জমা হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, পুলিশ সদর দপ্তর গত ১৭ জুন এ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। এরপর ২৯ জুন প্রথম দফায় উপকমিশনার জিললুর রহমানসহ ১০ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তদন্তে বর্তমান পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী এবং উপকমিশনার (সদর) শোয়েব আহমেদের সম্পৃক্ততার প্রমাণ পায়। এরপর থেকে তাঁদের অপসারণের প্রক্রিয়া শুরু হয়। এ সংক্রান্ত একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ার পর দুই পুলিশ কর্মকর্তাকে বরিশাল থেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে।