বরিশাল বিমানবন্দরের কর্মকর্তাকে হুমকি ছাত্রলীগ নেতার
সংরক্ষিত নিরাপত্তা এলাকা পার হয়ে বিমানের কাছে যেতে বাধা দেওয়ায় বরিশাল বিমানবন্দরের সুপারভাইজার শফিকুল ইসলামের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান মিলনের বিরুদ্ধে। গতকাল বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত থাকাকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে রাশেদ খান মেনন বলেন, ‘গতকাল আমি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ছিলাম। সে সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে কি না, তা কেউ আমাকে জানায়নি।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী রাশেদ খান মেনন বরিশাল বিমানবন্দরে নামেন। এ সময় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণীকে স্বাগত জানাতে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা বিমানবন্দরে যান। একপর্যায়ে আক্তারুজ্জামান মিলন নিরাপত্তা এলাকা পার হয়ে বিমানের কাছে যেতে চাইলে তাঁকে সুপারভাইজার শফিকুল ইসলাম বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শফিকুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
শফিকুল ইসলাম বলেন, নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে কয়েকজন সংরক্ষিত এলাকায় চলে যান। বাধা দিলে তাঁরা অসৌজন্যমূলক আচরণ করেন।
ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান মিলন বলেন, ‘ওই সুপারভাইজার জেলার কয়েকজন নেতার সঙ্গে খারাপ আচরণ করছিলেন। তিনি কেন এমন আচরণ করছেন তা জানতে চেয়েছিলাম। এ ছাড়া কিছু করিনি।’
বরিশাল-৩ আসনের সাংসদ শেখ টিপু সুলতান বলেন, ‘আমরা বিমানবন্দরে থাকা অবস্থায় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন কর্মী ভেতরে ঢোকেন। শুনেছি নিরাপত্তাকর্মী তাঁদের বাধা দেওয়ায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে।’
বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী বলেন, নিরাপত্তা ইস্যুতে ঢাকাসহ দেশের সব বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণ এলাকায় সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। গতকাল ঢাকার উদ্দেশে ফিরে যাওয়ার আগে বিমান ও পর্যটনমন্ত্রী বন্দরের কর্মকর্তাদের ডেকে নিরাপত্তা জোরদার ও সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা শতভাগ নিশ্চিত করার নির্দেশ দেন।